নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) বুকে এক চাঞ্চল্যকর নাটকীয়তা! বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাধা পড়তেই উত্তাল হয়ে উঠল শহর। যেখান থেকে সৃষ্টির বার্তা পৌঁছনোর কথা ছিল, সেখানেই যেন কণ্ঠরোধের দৃশ্যপট তৈরি হল। পরিচালক নিজেই ক্ষোভে ফেটে পড়ে বললেন, “এটা কেবল একটা সিনেমার ট্রেলার নয়, এটা সত্যের প্রতিধ্বনি। আর সেই সত্যকে স্তব্ধ করার চেষ্টাই চলছে।”
আরও পড়ুন: Rupa Ganguly: মায়ের হাতের সেলাইয়ে গড়া স্বপ্ন, স্বাধীনতা দিবসে মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়
সূত্রের খবর, বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ট্রেলার (The Bengal Files) লঞ্চের। সময়মতো অনুষ্ঠানের সূচনা হলেও মাঝপথেই হঠাৎ বাধা আসে। পরিচালক দাবি করেন, হোটেল কর্তৃপক্ষ মৌখিকভাবে জানায় যে ট্রেলার (The Bengal Files) লঞ্চ করা যাবে না। কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মঞ্চের আলো নিভে যায়, মুহূর্তেই থেমে যায় পুরো আয়োজন।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তার কথায়, “এটা হিন্দু গণহত্যার উপর নির্মিত সবচেয়ে সৎ সিনেমা। আমেরিকার (America) ১২টি শহরে যেখানে বাঙালিরা এই ছবি দেখেছেন উচ্ছ্বাসে, সেখানে আমার নিজের দেশেই তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে!” পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও অগ্নিহোত্রীর মধ্যে বাকবিতণ্ডাও হয়। সাংবাদিকরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পরিচালকের অভিযোগ, কিছু “নির্দিষ্ট গোষ্ঠী” এই ছবিকে আটকাতে চাইছে। “শেষে যদি ‘জয় মা কালী’ আর ‘বন্দে ভারত’ স্লোগানে থিয়েটার কেঁপে ওঠে, তাহলে ভয় কিসের?” প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
