নিউজ পোল ব্যুরো: ২০২০ সালের গালওয়ানে সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কে অবনতি হয়েছিল। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে নিয়ে জল গড়িয়েছিল অনেকদূর। সেই উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। যাতায়াত বেড়েছে দুই দেশের শীর্ষ কর্তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার মধ্যে দেশগুলি ধীরে ধীরে সম্পর্ক পুনঃস্থাপনের দিকে এগিয়ে যাওয়ার আবহেই সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করতে ভারত সফরে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী মোদীর চিন সফরের আগেই ওয়াং ই-এর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই সোমবার ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি অনুসারে, চিনের বিদেশমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ প্রতিনিধিদের আলোচনার ২৪তম দফায় অংশ নেবেন। ওয়াং ই এবং এস জয়শঙ্করের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর এটি হবে চিনের শীর্ষ স্তরের প্রথম উচ্চ পর্যায়ের সফর। মে মাসে অপারেশন সিঁদুরের সম পাকিস্তান ভারতকে লক্ষ্য করে চিন অস্ত্র ব্যবহার করেছিল এবং নয়াদিল্লিও অভিযোগ করেছে যে বেইজিং ইসলামাবাদকে রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছিল। সেই সমত ঘটনাবলির পর চিনের বিদেশমন্ত্রী আসতে চলেছেন ভারতে।
আরও পড়ুন: Online Order: অনলাইনে দুধ অর্ডার করে ১৮ লক্ষের বেশি খোয়ালেন ৭১ বছরের মহিলা
এই প্রসঙ্গে উল্লেখ্য, গত বছর চিন সফরে গিয়ে ডোভাল সীমান্ত সমস্যা নিয়ে ওয়াং-এর সাথে আলোচনা করেন। তারপর রাশিয়ার কাজান শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত বিরোধ নিয়ে গালওয়ান সংঘর্ষের পর প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিংয়ের মধ্যে ওটাই ছিল প্রথম মুখোমুখি বৈঠক। দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক সংলাপ প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেন। ভারত ও চিনের এলএসি-র বাকি দুটি ঘর্ষণ বিন্দু ডেপসাং সমভূমি এবং ডেমচোকে সেনা প্রত্যাহার করে টহল পুনরায় শুরু করতে সম্মত হওয়ার পর এই বৈঠক হয়। চিনে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
