Volodymyr Zelenskyy: আলাস্কায় পুতিন, এবার ওয়াশিংটন সফরে জেলেনস্কি! ট্রাম্প কি পারবেন সেতুবন্ধন করতে?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নতুন মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) কূটনৈতিক অধ্যায়। বিশ্বের নজর এখন ওয়াশিংটনের (Washington) দিকে। কারণ আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। জটিল যুদ্ধ পরিস্থিতির মাঝেই এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। যদিও ঠিক তার আগেই, আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক সেরে ফিরেছেন ট্রাম্প, কিন্তু সেখান থেকে প্রত্যাশিত কোনও ফল আসেনি।

আরও পড়ুন: Donald Trump: ‘শুল্কে আপাতত বিরতি’, পুতিনের সঙ্গে বৈঠকের পর সুর নরম করলেন ট্রাম্প?

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা বহু বিষয়ে একমত হলেও, মূল যে দুটি ইস্যু, সেগুলোর সমাধান এখনো অধরা।” তবুও তিনি আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন। এই প্রেক্ষাপটে, জেলেনস্কির ওয়াশিংটন সফর অনেকটাই তাৎপর্যপূর্ণ। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণেই তিনি (Volodymyr Zelenskyy) এই সফরে যাচ্ছেন এবং এটি ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় সরাসরি বৈঠক। আরও জানা গিয়েছে, আলাস্কা থেকে ফিরে আসার পথে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনালাপ হয়, যেখানে যুদ্ধের বর্তমান পরিস্থিতি, কূটনৈতিক বিকল্প ও সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

জেলেনস্কি (Volodymyr Zelenskyy) আরও বলেন, “আমি পুতিন-ট্রাম্প-জেলেনস্কি ত্রিপাক্ষিক বৈঠকের পক্ষেও প্রস্তুত। ইউক্রেন সবসময় শান্তির জন্য প্রস্তুত রয়েছে, তবে সেই পথে অগ্রসর হতে আমেরিকার সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।” তবে, আলাস্কার বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানো নিয়ে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ইউক্রেনকে বাদ রেখে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। এই প্রেক্ষাপটে, ওয়াশিংটনের আসন্ন বৈঠকে জেলেনস্কি-ট্রাম্প আলোচনায় নতুন কোনও শান্তির সুর বেজে উঠতে পারে কি না, এখন সেটাই দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole