Rupa Ganguly: মায়ের হাতের সেলাইয়ে গড়া স্বপ্ন, স্বাধীনতা দিবসে মাতৃহারা রূপা গঙ্গোপাধ্যায়

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো: একটি সেলাই মেশিন, কিছু কাপড়ের টুকরো আর অদম্য মনের জোর! এই ছিল রূপা গঙ্গোপাধ্যায়ের (Rupa Ganguly) মায়ের জীবনের মূলধন। একা হাতে মেয়েকে বড় করেছেন তিনি। স্বাধীনতা দিবসে (Independence Day) সেই সাহসিনী মা পাড়ি দিলেন অনন্তের পথে, রেখে গেলেন জীবনের এক অনন্য অধ্যায়ের ইতি।

আরও পড়ুন: Cloudburst: কিশতোয়ারে ভয়াবহ মেঘভাঙন ও আকস্মিক বন্যা, মৃত্যু ৬০ ছাড়িয়েছে, এখনও নিখোঁজ বহু মানুষ

রূপা (Rupa Ganguly) নিজেই এই খবরে শোক জানিয়ে লিখেছেন, “মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।” বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। হাসপাতালে চলছিল চিকিৎসা, কিন্তু শেষরক্ষা হলো না। শুক্রবার রাতেই সম্পন্ন হয় তার শেষকৃত্য। তার এই মৃত্যুসংবাদ ছুঁয়ে গেছে অনুরাগী, সহকর্মী ও বন্ধুদের হৃদয়। দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকলেও, সাম্প্রতিক সময়ে ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন রূপা (Rupa Ganguly)। এর আগে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে কাজ করলেও, চিরাচরিত শাশুড়ি-বউমার দ্বন্দ্বে বিরক্ত হয়ে মাঝপথে ছেড়ে দেন কাজ।

কিন্তু যত ব্যস্ততাই থাকুক না কেন, মায়ের পাশে থাকার চেষ্টায় কখনও খামতি রাখেননি। কারণ এই মাই তো একসময় রূপার পাশে ছিলেন পাহাড়ের মতো। ছোটবেলায় রূপাকে বড়বাজার থেকে কেনা কাপড় দিয়ে বানানো সায়া, কুশন কভার, পর্দা, এমনকি আত্মীয়দের ব্লাউজ বানিয়ে সংসার চালিয়েছেন তিনি। সেই সেলাইয়ের কাজেই হাত পাকিয়েছিল ছোট্ট রূপাও। পড়ার ফাঁকে ফাঁকে মায়ের কাজে হাত লাগাতো।

এই সহজ সরল অথচ সংগ্রামী জীবনের গল্পটাই যেন আজও অনুপ্রেরণা। একজন অভিনেত্রীর পেছনের এই ত্যাগিনী মায়ের গল্প হয়তো আলোচনার কেন্দ্রে আসে না, কিন্তু তিনি ছিলেন বলেই আজ রূপা আছেন। মা হারানোর বেদনা কখনও পুরোটাই লেখা যায় না, তবুও এই স্বাধীনতা দিবসে তার জীবনটাই হয়ে থাকুক এক আত্মনির্ভর নারীর স্বাধীনতার প্রতীক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole