নিউজ পোল ব্যুরো: খুব শীঘ্রই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice-President Election)। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি বাছাই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছে NDA জোটের শরিকরা। তবে এর মধ্যেই আগামীকাল রবিবার বিজেপি নয়াদিল্লিতে দলীয় সদর দপ্তরে তাদের সংসদীয় বোর্ডের সভা করতে পারে। সূত্রের খবর সেই বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা করা হতে পারে।
দলের একটি ঊর্ধ্বতন সূত্রের মতে, “বিজেপি সংসদীয় বোর্ডের সভা ১৭ আগস্ট দিল্লিতে বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সকল সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন। ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ-র প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে।” জরুরি এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গত ৬ আগস্ট ক্ষমতাসীন এনডিএ-এর নেতারা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ৯ সেপ্টেম্বর হতে চলা উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ-র প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা পান।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাঁর পদ থেকে পদত্যাগ করেন। তখন থেকেই পদটি খালি রয়েছে। ধনখড়ের পদত্যাগের পর নির্বাচন কমিশন ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচনের (Vice-President Election) সময়সূচী জানিয়েছে। ভোটগ্রহণ, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তাহলে ৯ সেপ্টেম্বর সংসদ ভবনের প্রথম তলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হবে ভোটগ্রহণ। এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন বিনা যুদ্ধে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না বিরোধী ইন্ডিয়া জোট। সূত্রের খবর ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও সর্বসম্মতি ক্রমে প্রার্থী দেওয়া হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
