নিউজ পোল ব্যুরো: সম্প্রতি ঘটে যাওয়া মেঘভাঙন (Cloudburst) ও আকস্মিক বন্যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিশতোয়ার (Kishtwar) জেলার চিসোটি (Chisoti) গ্রামে । হঠাৎ শুরু হওয়া এই দুর্যোগে ইতিমধ্যেই কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক মানুষ আহত ও নিখোঁজ রয়েছেন। তিন দিন ধরে চলছে টানা উদ্ধার অভিযান, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
আরও পড়ুন: RG Kar Case: অভয়া মূর্তির খরচ নিয়ে বিতর্কে জুনিয়র ডাক্তার ফ্রন্ট, ব্যাখ্যা চাইল তৃণমূল
দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মাচাইল মাতা যাত্রার রুটে অবস্থিত চিসোটি গ্রামে। ১৪ আগস্ট দুপুর ১২টা ২৫ মিনিটে এই গ্রামেই হঠাৎ মেঘভাঙনের (Cloudburst) ঘটনা ঘটে, যখন হাজার হাজার তীর্থযাত্রী মাচাইল মন্দিরের (Machail Mata Temple) উদ্দেশ্যে যাত্রা করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) এবং স্থানীয় পুলিশের সদস্যরাও। ইতিমধ্যে ৪৬টি মৃতদেহ শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগে (Cloudburst) একটি অস্থায়ী বাজার, একটি কমিউনিটি রান্নাঘর, নিরাপত্তা ফাঁড়ি, সরকারি ভবন, তিনটি মন্দির, একাধিক জলাধার, একটি ৩০ মিটার দীর্ঘ সেতু ও ১৬টি ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। নদীর স্রোতে বহু যানবাহনও ভেসে গেছে।
ত্রাণ ও উদ্ধার কাজের তদারকি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। ভারতীয় বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার ও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার উদ্ধার কাজে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে অবরুদ্ধ তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে আসছে। স্থানীয় বিজেপি নেতা সুনীল শর্মা জানান, দুর্ঘটনার সময় প্রায় ১৫,০০০ তীর্থযাত্রী ছিলেন, যাদের মধ্যে ৪,০০০ জনকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
