নিউজ পোল ব্যুরো: রবিবার সকালে হঠাৎই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়ায়, পশ্চিমবঙ্গে নাকি কাজ বন্ধ করে দিয়েছে আইপ্যাক (IPAC)। জানা গিয়েছিল, সংস্থার এইচআর কর্মীদের নির্দিষ্ট আইনি জটিলতার কথা জানিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমনকি শোনা যায়, প্রায় ২০ দিনের জন্য কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে এবং ১১ মে-র পর ফের তাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে (IPAC)। এই খবরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়। প্রাথমিকভাবে আরও জানা গিয়েছিল, সংস্থার তরফে কর্মীদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে। তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আইনি প্রক্রিয়া চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। প্রয়োজনে সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলা হয়। ফলে এই পরিস্থিতি বাংলার ভোট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই অনেকের ধারণা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: PM Narendra Modi : বড়জোড়ার মঞ্চে নারী সংরক্ষণ থেকে রাষ্ট্রপতি ইস্যু, তৃণমূলকে তোপ মোদীর
তবে কয়েক ঘণ্টার মধ্যেই এই জল্পনায় জল ঢালে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়, আইপ্যাকের (IPAC) কাজ বন্ধ হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তৃণমূলের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে এই ধরনের গুজব ছড়িয়ে ভোটের আগে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। দলের দাবি, আইপ্যাক আগের মতোই সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং রাজ্যজুড়ে তাদের প্রচার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তৃণমূল (TMC) আরও জানায়, তারা একটি সংবাদ প্রতিবেদন লক্ষ্য করেছে যেখানে এই কাজ বন্ধের দাবি করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার কোনও ভিত্তি নেই। জনগণ এই ধরনের ভুয়ো খবর বুঝতে পারছে এবং গণতান্ত্রিকভাবেই এর জবাব দেবে বলেও মন্তব্য করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, আইপ্যাক (IPAC) দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের (TMC) রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছে। আসন্ন নির্বাচনেও এই সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে হঠাৎ করে কাজ বন্ধের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছিল, যা পরে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে।
