নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে জ্বালানির খরচ নিয়ে যখন ব্যবসায়ীদের চাপ বাড়ছেই, তার মাঝেই নতুন করে ধাক্কা দিল বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি (LPG Price Hike)। ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম, যেখানে এক ধাক্কায় ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে ২০০ টাকারও বেশি। সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
সরকারি তেল সংস্থার তথ্য অনুযায়ী, শুধু কলকাতা নয়, দেশের একাধিক বড় শহরেই এই মূল্যবৃদ্ধির (LPG Price Hike) প্রভাব পড়েছে। কলকাতায় প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১৮ টাকা। দিল্লিতে বেড়েছে ১৯৪ টাকা, মুম্বইতে ১৯৬ টাকা এবং চেন্নাইতে ২০৩ টাকা। ফলে নতুন দামে কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য খরচ করতে হচ্ছে ২২০৮ টাকা। দিল্লিতে এর দাম দাঁড়িয়েছে ২০৭৮.৫০ টাকা, মুম্বইতে ২০৩১ টাকা এবং চেন্নাইতে ২২৪৬.৫০ টাকা।
আরও পড়ুন: Assembly Election 2026: ৭৪ ভোটের লিড, রাজারহাট গোপালপুরে ২০২৬-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
এই মূল্যবৃদ্ধির (LPG Price Hike) সরাসরি প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ ও বড় খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর, কারণ তারাই মূলত এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। তবে এর প্রভাব সেখানেই থেমে থাকবে না। ব্যবসায়ীদের খরচ বাড়লে তা শেষ পর্যন্ত খাবারের দামে প্রতিফলিত হবে, যার চাপ পড়বে সাধারণ মানুষের ওপরই। বর্তমান পরিস্থিতিতে, যখন বাজারে অন্যান্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী, তখন এই গ্যাসের মূল্যবৃদ্ধি খাদ্য পরিষেবার খরচ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এর মধ্যে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গার্হস্থ্য ব্যবহারের ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে কলকাতায় এই সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাই রয়েছে। দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
