নিউজপোল ব্যুরো: ডুয়ার্সের জঙ্গলে ফের মর্মান্তিক ঘটনা। জঙ্গল থেকে বেরিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি স্ত্রী চিতাবাঘের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটার ডায়না সেতুর কাছে। ডায়না জঙ্গলের লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কের উপর চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে নটা নাগাদ কয়েকজন পথচারী প্রথমে জাতীয় সড়কের উপর চিতাবাঘটির দেহ দেখতে পান। ডায়না সেতুর দিকে ওঠার মুখেই সেটি পড়েছিল। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। পরে মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
আরও দেখুন:-মেসি ম্যাচের পুরনো টিকিটেই এবার ভারত-উরুগুয়ে ম্যাচের ফ্রি পাস, কীভাবে মিলবে পাস?
ডায়না রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানিয়েছেন, মৃত চিতাবাঘটি স্ত্রী প্রজাতির। বয়স আনুমানিক পাঁচ বছর। প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় কোনও একটি গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে চিতাবাঘটিটির।
ধাক্কার পর গাড়িটি ঘটনাস্থলে না দাঁড়িয়ে চলে যায় বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। গাড়িটিকে চিহ্নিত করতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বন দফতর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি জাতীয় সড়কে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
