নিউজপোল ব্যুরো: ১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে বড়সড় তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। সোমবার সকাল থেকেই কলকাতা ও ভুবনেশ্বরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। কলকাতার বড়বাজার, পোস্তা-সহ মোট ৯টি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, ঋণের ওই বিপুল অর্থের একটি অংশ অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। সেই টাকা কীভাবে, কোথায় এবং কোন ব্যক্তি বা সংস্থার মাধ্যমে সরানো হয়েছিল, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে সূত্রের খবর।
তদন্তকারীদের অনুমান, ওড়িশা থেকে কলকাতাতেও ওই অর্থের একটি অংশ সরানো হয়ে থাকতে পারে। সেই কারণে কলকাতার একাধিক ব্যবসায়িক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার অফিস এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানাতেও চলছে অভিযান।
এর আগে এই মামলায় কলকাতার বড়বাজার ও পোস্তা এলাকায় সিবিআই তল্লাশি চালিয়েছিল। এবার আর্থিক লেনদেন ও অর্থের গতিপথ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ED। তল্লাশিতে পাওয়া নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
