২০০৭-এর মামলা, ২০২৬-এ গ্রেফতারি নিয়ে প্রশ্ন! মিলনের জামিন বহাল রেখে পুলিশের দিকে আঙুল সুপ্রিম কোর্টের

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০০৭ সালের একটি পুরানো মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই করতে কোনও আইনি বাধা রইল না মিলনের সামনে। নির্বাচনের পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে মূলত মামলাটি নিয়ে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন ওঠে।

প্রধান বিচারপতি বলেন, “এটা অনেক পুরানো মামলা। ২০০৭ সালের ঘটনা। আপনারা এতদিন কী করছিলেন?” যদি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা থেকেই থাকে, তাহলে এত বছর পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, প্রশাসনিক ব্যবস্থায় প্রত্যেকেরই দায়িত্ব থাকা উচিত এবং পুলিশের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

রাজ্যের হয়ে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মিলনের বিরুদ্ধে খুন এবং বোমা ছোড়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই বক্তব্যের বিরোধিতা করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি।

এদিকে বেঞ্চে থাকা বিচারপতি জয়মাল্য বাগচী জানান, ২০০৭ সালের জমি আন্দোলনের সময় তিনি এই মামলায় অভিযুক্তদের হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করেছিলেন। তাই পরবর্তী শুনানিতে তিনি বেঞ্চে থাকবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।