নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে আজ বড় বার্তা দিল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘একতরফাভাবে সিদ্ধান্ত’ নেওয়ার অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার শুনানিতে সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সর্বোচ্চ আদালত। মামলাকারীর অভিযোগ, কমিশনের সমস্ত সদস্যের মতামত ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।SIR বা ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, তা জানতে নির্বাচন কমিশনের কাছ থেকে সরাসরি জবাব চেয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলার শুনানি করে। মামলাকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য দুই কমিশনারের মতামত না নিয়েই নেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ চাওয়া হয়েছে। তবে আদালত এখনই তাঁকে সরানো বা কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়নি। আদালতের বক্তব্য অনুযায়ী, পরে যদি দেখা যায় কোনও সিদ্ধান্ত প্রয়োজনীয় নিয়ম মেনে বা প্রয়োজনীয় ঐকমত্য নিয়ে নেওয়া হয়নি, তাহলে সেই সিদ্ধান্ত নিয়ে আদালত ব্যবস্থা নিতে পারে।
এই মামলার মূল প্রশ্ন SIR-এর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশনের মতো বহু-সদস্যের সংস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ম মেনে সম্মিলিতভাবে নেওয়া উচিত। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, তাদের মধ্যে মতামত বা পরামর্শ নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং SIR-এর সময়সূচি সংক্রান্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছিল, মামলায় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল, অন্য দুই নির্বাচন কমিশনার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, সংবাদপত্রের রিপোর্ট একা কোনও চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি হতে পারে না। আগে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য ও নথি দেখতে হবে। ফলে আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনও অন্তর্বর্তী নিষেধাজ্ঞা নেই। নির্বাচন কমিশনের জবাব পাওয়ার পর মামলাটি নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। SIR-এর সিদ্ধান্তে সত্যিই নিয়ম ভাঙা হয়েছিল কি না, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
