জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভের ‘ভুয়ো’ ভিডিয়ো! দিল্লি পুলিশের জালে ২৪ বছরের ইউটিউবার

breakingnews দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো:   মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিয়োতে দিল্লি পুলিশের এক আধিকারিককে ঘিরে গুরুতর অভিযোগের ছবি দেখা যায়। কিন্তু তদন্তে নেমে দিল্লি পুলিশের দাবি, ভাইরাল হওয়া সেই ভিডিয়োই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগেই এবার ২৪ বছরের এক ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম নাদিম আহমেদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা নাদিম ‘নিউজ় আয়না’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। চলতি বছরের এপ্রিল মাসে চ্যানেলটি তৈরি করা হয়। বর্তমানে সেখানে প্রায় ২৪ হাজার ফলোয়ার রয়েছে। তদন্তকারীদের দাবি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিয়োর সঙ্গে ওই চ্যানেলের যোগসূত্র পাওয়া গিয়েছে।

পুলিশের দাবি, জেরায় নাদিম নিজেকে ‘ইন্ডিপেনডেন্ট সাংবাদিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তদন্তে আরও জানা গিয়েছে, দিল্লির সাকেত এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তিনি। দশম শ্রেণির পর আর পড়াশোনা করেননি।

দিল্লি পুলিশের অভিযোগ, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই ওই ভুয়ো ভিডিয়ো ছড়ানো হয়েছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, ‘ককরোচ জনতা পার্টি’র কারও সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।