West Bengal’ নয়, এবার ইংরেজিতেও ‘Paschimbanga’! বিধানসভায় বিল আনছে রাজ্য

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের নাম নিয়ে ফের নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ‘West Bengal’ নয়, ইংরেজিতেও রাজ্যের নাম ‘Paschimbanga’ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই সংক্রান্ত বিল খুব শীঘ্রই বিধানসভায় আনা হতে পারে।

উত্তরবঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, পশ্চিমবঙ্গের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি দীর্ঘ রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ গঠনের সেই ইতিহাসকে সামনে রেখেই রাজ্যের নাম সর্বত্র ‘পশ্চিমবঙ্গ’ রাখার দাবি জানানো হচ্ছে। তাঁর বক্তব্য, বাংলায় যেমন ‘পশ্চিমবঙ্গ’, ইংরেজিতেও তার পরিচয় হবে ‘Paschimbanga’। ‘West Bengal’ বা শুধুমাত্র ‘বাংলা’ নাম গ্রহণ করা হবে না।

শমীকের দাবি, এই নাম পরিবর্তনের দাবি কোনও ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। এর সঙ্গে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস এবং সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত জড়িয়ে রয়েছে। তাই রাজ্যের ঐতিহাসিক পরিচয় অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘West Bengal’-এর নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছিল। তবে কেন্দ্রের অনুমোদন না মেলায় তা কার্যকর হয়নি। এবার ফের রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগের কথা সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।