নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন লস্কর জঙ্গিকে অপারেশন মহাদেবের অধীনে নিরাপত্তা বাহিনী খতম করেছে। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কের সময় লোকসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ (Amit Shah) জঙ্গিদের মৃত্যুর তথ্য দিয়েছেন। সেই সঙ্গেই ভারতীয় সেনার প্রশংসা করেছেন।
লোকসভায় মঙ্গলবার অপারেশন মহাদেব নিয়ে বিবৃতি দেওয়ার সময়ে শাহ বলেছেন, সোমবার সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন সন্ত্রাসবাদেী নিহত হয়েছে। যার মধ্যে সুলেমান একজন শীর্ষ লস্কর কমান্ডার ছিলেন এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছে পহেলগাঁও হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে যেখানে ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিল। শাহ সন্ত্রাসবাদীদের পরিচয় প্রকাশ করে আরও বলেছেন, “আফগান এবং জিবরানও “এ-তালিকাভুক্ত” জঙ্গি ছিলেন।” অপারেশন মহাদেবের সাফল্যের জন্য নিরাপত্তা কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমি সংসদ এবং জাতিকে বলতে চাই যে বৈসরন উপত্যকায় যারা আমাদের নাগরিকদের হত্যা করেছিল, তাদের মধ্যে এই তিনজন ছিল এবং তাদেরও হত্যা করা হয়েছে।” শাহ এদিন আরও জানিয়েছেন তিন জঙ্গি যে পাকিস্তানি ছিল তার প্রমাণও মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে তা উদ্ধার হয়েছে।
শাহ জানিয়েছেন, গত মাসে, দুই স্থানীয় ব্যক্তি পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ – আক্রমণকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে এনআইএ-এর হাতে গ্রেফতার হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলগাঁওতে জঙ্গি হামলার কয়েক ঘন্টা পরে তিনি শ্রীনগরে যান এবং সেই রাতে এবং পরের দিন সকালে একটি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। তখনই তিনি জানান, “আমরা নিশ্চিত করেছিলাম যে সন্ত্রাসীরা পাকিস্তানে পালাতে না পারে।” শাহ তিনি আরও নিশ্চিত করার জন্য বলেন, পহেলগাঁও হামলাস্থল থেকে উদ্ধার করা বুলেটের খোলার ফরেনসিক রিপোর্ট দেখা হয়েছে। বলেছেন, “এই সন্ত্রাসবাদীদের হত্যার পর, তাদের রাইফেলগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি ছিল M9, অন্য দুটি ছিল AK-47। আমরা একটি বিশেষ বিমানে এই রাইফেলগুলি চণ্ডীগড় কেন্দ্রীয় FSL (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে) নিয়ে গিয়েছিলাম। আমরা এই রাইফেলগুলির খালি বুলেট শেল তৈরি করেছি এবং তারপর পহেলগামে পাওয়া রাইফেলের সাথে মিলিয়েছি। তখন নিশ্চিত হয়ে যায় যে এই তিনটি রাইফেল আমাদের নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছিল। সন্দেহের কোনও অবকাশ নেই। আমি ব্যালিস্টিক রিপোর্টটি ধরে রেখেছি, ছয়জন বিজ্ঞানী এটি ক্রস-চেক করেছেন এবং ভিডিও কলের মাধ্যমে আমাকে নিশ্চিত করেছেন যে পহেলগামে ছোড়া গুলি এবং এই বন্দুকগুলি থেকে ছোড়া গুলি ১০০ শতাংশ মিলে গিয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
