নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে SIR বিতর্কের ঝড় অব্যহত রয়েছে। শুধু বিহার নয় আগস্টের প্রথম সপ্তাহে ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একের পর এক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী যখন বিজেপিকে নিশানা করছেন সেই সময়ে সাংবাদিক সম্মেলন করে পাল্টা দিলেন বিরোধী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যে যে ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন তা নিয়েই পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন।
সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেছেন, “গুজবে আন্তর্জাতিক পুরস্কার পেতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মিথ্যে খবর ছড়াচ্ছেন।” এর পরেই তিনি বলেছেন, “রাজ্যে ৫৪০ কিমি বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই কেন? রাজারহাট-নিউটাউনে ৩০-৩৫ শতাংশ ভোটার বৃদ্ধি কীভাবে? বিরোধী দলনেতাকে কর্মসূচির জন্য কেন বারবার কোর্টে যেতে হবে? ২৬ হাজার বাঙালি চাকরিহারা হলেন কেন? অনুপ্রবেশকারী ও শরণার্থী গুলিয়ে দেওয়ার চক্রান্ত। পরিযায়ীদের নিয়ে মিথ্যে প্রচার করছেন মমতা। গুজব রটানোর মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়।”
সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, “বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। তাহলে মোথাবাড়ি, মহেশতলা, সামশেরগঞ্জ হয় কেন? বেশকয়েকদিন ধরে লাগাতার ভুয়ো ভিডিও পোস্ট। দিল্লিতে মা-শিশুর ওপর অত্যাচারের মিথ্যাচার। জেনে গিয়েছে জনতা, মিথ্যেবাদী মমতা। সাইবার আইনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। আসল প্রশ্নের উত্তর না দিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা।” এর পরেই অনুপ্রবেশ নিয়ে বলেছেন, “গণতন্ত্র বাঁচাতে প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখছি। বিজেপি রোহিঙ্গামুক্ত বাংলা চায়, ভোটার চায়। দুটো বিধানসভায় ভুয়ো ভোটার তালিকা পেয়েছি। মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটারদের রাখতে চান।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
