২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার

অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো:  হুগলিতে ঘুষের টাকা নেওয়ার পর মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। সরকারি ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলেন হুগলি জেলা পরিষদের পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস।

জানা গিয়েছে, চণ্ডীতলা এলাকায় একটি রাস্তা তৈরির কাজ করেছিলেন ওই ঠিকাদার। কাজের জন্য জেলা পরিষদে তাঁর প্রায় ২ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা ছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর সেই টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা আটকে ছিল বলে অভিযোগ। টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ করেন ওই ঠিকাদার।

এরপরই দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন তিনি। অভিযোগ খতিয়ে দেখে আধিকারিকরা পরিকল্পনা করে ফাঁদ পাতেন। নির্দিষ্ট সময় অনুযায়ী সুমন দাসের সঙ্গে দেখা করেন ঠিকাদার। তাঁর হাতে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকা। অভিযোগ, সেই টাকা নেওয়ার পরেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে ঢুকে পড়েন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

তল্লাশিতে সুমন দাসের কাছ থেকে ওই ঘুষের টাকা উদ্ধার হয় বলে সূত্রের দাবি। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে গ্রেফতার করা হয়।

চুঁচুড়ার বড়বাজার এলাকায় সুমন দাসের বাড়ি। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।