উমা আসার আগেই বদলে যাবে বাংলার আবহাওয়া! দক্ষিণবঙ্গে বর্ষার বিদায়ের সুর, পুজোর আগে কেমন থাকবে কলকাতা?

আবহাওয়া কলকাতা জেলা শহর

নিউজপোল ব্যুরো: পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। হাতে গোনা প্রায় ১২ দিন পরেই শুরু হবে দুর্গোৎসব, আর তার আগেই বাংলার আকাশে বদলের ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের উপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে। ফলে পুজোর আগে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হলেও সামগ্রিক আবহাওয়ার ছবিতে এখন বদল স্পষ্ট। উত্তর ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও বৃষ্টির দেখা মিলেছে। তবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনাই বেশি। কোথাও কোথাও দুপুরের দিকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে ছিটেফোঁটা বৃষ্টি নামতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন পুজোর সময়ের আবহাওয়া নিয়ে। আবহাওয়া দফতরের দেওয়া সময়সীমা অনুযায়ী, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া এগোতে পারে। ফলে দুর্গাপুজোর আগে আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুজোর চার-পাঁচ দিন ঠিক কেমন থাকবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আরও কয়েক দিনের পূর্বাভাসের পর সেই ছবি পরিষ্কার হবে।

কলকাতার আকাশেও আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। শনিবার শহরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির পরিমাণ কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে।এদিকে আজ, ৩ অক্টোবর দক্ষিণবঙ্গের জন্য বড় কোনও সতর্কতা জারি করেনি কলকাতা আঞ্চলিক আবহাওয়া দফতর। ৪ অক্টোবরও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনও সতর্কতা নেই। ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্তও এই অঞ্চলের জন্য কোনও সতর্কতা দেখানো হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।