Suvendu Adhikari: ধর্ম যার তার, রক্ষার দায়িত্বও তার! মালদহে শুভেন্দুর গর্জন

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিজেপির (BJP) ‘বিজয় সংকল্প সভা’ ঘিরে উত্তাল মালদহ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পর এবার মালদহে সভামঞ্চে উঠে ফের একবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভার মঞ্চ থেকে একদিকে যেমন তৃণমূল (TMC) নেতৃত্বকে কড়া আক্রমণ শানালেন, তেমনই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), ভুয়ো ভোটার, ও সংখ্যালঘু তোষণ নিয়েও তীব্র সমালোচনা করলেন তিনি।

আরও পড়ুন: C.V. Ananda Bose: সুপ্রিম কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল রাজভবন, ছ’জন স্থায়ী VC কে বৈঠকে ডাকলেন রাজ্যপাল

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমি এই জেলার রাজনীতি চিনি। একসময় আমি তৃণমূলে ছিলাম, জানি এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মন থেকে পছন্দ করে না। আগেরবার বিধানসভা ভোটে এখানে তৃণমূল শূন্য হয়েছিল, বিজেপি ও বাম-কংগ্রেস সমানে ভাগ করেছিল। মালতীপুরের তৃণমূল বিধায়ক যার কাজ ছিল আমার গাড়ির দরজা খোলা, আজ তিনিই বড় বড় কথা বলেন! বিজেপি ক্ষমতায় এলে দুদিনের মধ্যে ওর জায়গা হবে জেলে।”

তিনি মালদহে (Malda) বিজেপির জন্য স্পষ্ট লক্ষ্যও নির্ধারণ করেন, “এবার ১২টার মধ্যে ১১টা আসন আমাদের দখলে আনতেই হবে। শুধু সুজাপুরে ৯২ শতাংশ মুসলিম ভোট, বাকিগুলো আমরা জিতব। এই হোক আমাদের শপথ।” CAA নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “তৃণমূল ভয় দেখাচ্ছে, এটা নাকি NRC। কিন্তু CAA কাউকে তাড়ানোর আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন।”

তিনি আরও অভিযোগ করেন, “রাজ্যে মৃত ভোটারদের নামে ছাপ্পা, আর বাংলাদেশের মুসলিমদের দ্বৈত ভোট চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় হিন্দু সমাজকে ভাঙতে চান আদিবাসী- কুড়মি, রাজবংশী-পাহাড়ি, একে অপরের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন।” সভামঞ্চ থেকে শুভেন্দু আহ্বান জানান, “শুধু বুথ কমিটি করলেই হবে না, গ্রামেগঞ্জে ধর্মরক্ষা কমিটি গঠন করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব সম্প্রদায়কে একসূত্রে বাঁধার সময় এসেছে। সনাতন ঐক্যই আমাদের শক্তি।”

সবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তির পালটা দিয়ে শুভেন্দু বলেন, “মমতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর আমি বলি ধর্ম যার তার, রক্ষা করার দায়িত্বও তার নিজের।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole