PM SHRI: মোদীর ‘পিএমশ্রী’ প্রকল্পে কেরলে তীব্র রাজনৈতিক ভূমিকম্প! সিপিএম-সিপিআই সংঘাতে বাম জোটে চিড়

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কেরলে ফের বাম জোটে তীব্র অস্থিরতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত কেন্দ্রীয় শিক্ষা প্রকল্প ‘পিএমশ্রী’ (PM SHRI) নিয়ে রীতিমতো চাপে পড়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সরকার। কেন্দ্রের অনুদান গ্রহণের সিদ্ধান্তে ক্ষুব্ধ বাম জোটের শরিক সিপিআই (CPI)। এমনকী প্রতিবাদে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছেন দলের চার মন্ত্রী, সূত্রের খবর তারা ইস্তফা দিতেও প্রস্তুত।

আরও পড়ুন: Suvendu Adhikari: ধর্ম যার তার, রক্ষার দায়িত্বও তার! মালদহে শুভেন্দুর গর্জন

সমস্যার সূত্রপাত ‘পিএমশ্রী’ (PM SHRI) প্রকল্পকে ঘিরে। এই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারকে কেন্দ্রের সঙ্গে একটি ‘মৌ’ (MoU) বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হয়। কিন্তু সেই মৌয়ের কয়েকটি শর্ত জাতীয় শিক্ষানীতি (NEP)-র সঙ্গে মিল রয়েছে যে নীতির কড়া বিরোধিতা করছে কেরলের বাম সরকার। কয়েক বছর আগেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্পষ্ট করে জানিয়েছিলেন, “কেরলে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে না।” কিন্তু এখন একই সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিচ্ছে, যা সিপিআইয়ের কাছে “নীতিগত আত্মসমর্পণ” বলেই মনে হচ্ছে।

সিপিআইয়ের রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম ক্ষোভ প্রকাশ করে বলেন, “মন্ত্রিসভাকে না জানিয়েই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তাড়াহুড়ো কেন?” অন্যদিকে সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দনের বক্তব্য, “এই অর্থ কেরলের প্রাপ্য। কেন্দ্রীয় কর বাবদ রাজ্যের যে ভাগ দেওয়া উচিত, সেটিই দ্রুত আদায় করা হচ্ছে।”

কিন্তু গোবিন্দনের যুক্তিতে সিপিআই সন্তুষ্ট নয়। এলডিএফ জোটের ভেতরে গুঞ্জন সিপিআই নেতৃত্ব রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার কথাও গুরুত্ব সহকারে ভাবছে। পিনারাই বিজয়ন বর্তমানে বিদেশ সফরে, তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে সিপিএমের পক্ষে। দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী ফিরে এলে সিপিএম ও সিপিআইয়ের মধ্যে সরাসরি আলোচনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের কয়েক মাস আগে এই বিরোধ কেরলে বামেদের জনভিত্তিকে টালমাটাল করে দিতে পারে। বামফ্রন্টের ভিত শক্ত হলেও শরিক দলের সঙ্গে মতানৈক্য সরকারের স্থায়িত্বে প্রশ্ন তুলছে। আপাতত এলডিএফ আহ্বায়ক টি পি রামকৃষ্ণণের বক্তব্য, “বিজয়ন ফিরলেই সব ভুল বোঝাবুঝি মিটে যাবে।” তবে রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ‘পিএমশ্রী’-র (PM SHRI) অনুদান কি কেরলে বাম ঐক্যের ভিত নাড়িয়ে দেবে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole