Mamata Banerjee: “অন্যের অপরাধের দায় সরকার নেবে কেন?” হাসপাতাল নিরাপত্তা বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপ, বিরোধীদের পালটা প্রশ্নে চাপে প্রশাসন

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নারী নির্যাতন ও নিরাপত্তাহীনতার পরম্পরায় তীব্র চাপে রাজ্য সরকার। এসএসকেএম (SSKM) হাসপাতালের ঘটনায় জনমত ক্ষুব্ধ, এবং ঠিক সেই প্রেক্ষিতেই শনিবার স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ভার্চুয়ালি যোগ দেন সেই বৈঠকে। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant), রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের অধ্যক্ষ ও সুপার, কলকাতার পুলিশ কমিশনার, সব জেলার জেলা শাসক এবং পুলিশ সুপাররাও।

আরও পড়ুন: PM SHRI: মোদীর ‘পিএমশ্রী’ প্রকল্পে কেরলে তীব্র রাজনৈতিক ভূমিকম্প! সিপিএম-সিপিআই সংঘাতে বাম জোটে চিড়

বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি প্রশ্ন তোলেন, “যার নামে ক্রিমিনাল রেকর্ড আছে, সে কীভাবে হাসপাতালে ঢুকল? তার অপরাধের দায় রাজ্য সরকারের ঘাড়ে কেন আসবে?” এই মন্তব্যে প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে। মমতা আরও জানতে চান, “নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে যাওয়া হল কীভাবে? সিসিটিভি ফুটেজে ঘটনাটা ধরা পড়ল না কেন?”

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একাধিক কঠোর নির্দেশ দেন। সিদ্ধান্ত হয়েছে—

প্রাইভেট সিকিউরিটি এজেন্সি এবং চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলির কার্যকারিতা নিয়মিত মনিটরিং করতে হবে।

ওয়ার্ড এলাকায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে।

প্রতিদিনের রোস্টার ও রোল কল ব্যবস্থা চালু হবে, ডিউটির শুরু ও শেষে উপস্থিতি যাচাই করতে হবে।

নিয়মিত ফায়ার সেফটি মক ড্রিল আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে।

তবে প্রশাসনের এই পদক্ষেপে বিরোধীদের প্রশ্ন আরও জোরালো হচ্ছে। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর কথায়, “মুখ্যমন্ত্রী এখন প্রশ্ন করছেন, কিন্তু যার নামে আগেও অপরাধের ইতিহাস ছিল, তাকে হাসপাতালে কাজের সুযোগ দিল কে? এতদিন প্রশাসন কী করছিল?” তার অভিযোগ, “সরকার দুর্নীতিগ্রস্ত চক্রের সঙ্গে জড়িত বলেই অপরাধীরা বারবার প্রশ্রয় পাচ্ছে। আগের ঘটনায় কঠোর ব্যবস্থা নিলে হয়তো আজ এত বড় ঘটনা ঘটত না।”

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তার লক্ষ্য প্রশাসনিক দায় সরিয়ে দেওয়া। কিন্তু বিরোধীরা বলছে, এ দায় থেকে সরকারকে কোনওভাবেই মুক্তি দেওয়া যায় না। নিরাপত্তা ইস্যুতে এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তাপমাত্রা বাড়ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole