নিউজপোল ব্যুরো: বুধবার সকালেই খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গীতাঞ্জলি হলের কাছাকাছি একটি গলিতে বাইকে থাকা ১৫ বছরের এক ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে অক্ষয় ঝা নামে ওই কিশোর। তার বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে অক্ষয় অন্য এক ব্যক্তির সঙ্গে বাইকে করে যাচ্ছিল। সে সময় গীতাঞ্জলি হলের কাছে একটি গলিতে আচমকাই হামলা হয়। অভিযোগ, একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী সেখানে আসে। এরপর অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ছাত্রকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে অক্ষয়কে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। পরে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত ও তল্লাশি। তবে ঠিক কী কারণে ওই নাবালককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনও বিবাদ নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনার সঙ্গে যোগ থাকার সন্দেহে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রকাশ্য রাস্তায় এক নাবালককে গুলি করার ঘটনায় খড়্গপুরজুড়ে এখন একটাই প্রশ্ন—কেন অক্ষয়কে লক্ষ্য করে এই হামলা?
