নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে রাজধানী। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে মুম্বইতেও। বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে প্রায় ৭ হাজার জনকে আটক করা হয়েছে বলে দাবি। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করার খবরও সামনে এসেছে। আন্দোলন থামানোর কোনও ইঙ্গিত না দিয়ে রবিবারও পথে নামার ঘোষণা করেছে CJP (ককরোচ জনতা পার্টি)।
শনিবার সকালে দিল্লিতে পৌঁছনোর পর সিজেপি প্রধান অভিজিৎ দীপক-সহ দলের একাধিক নেতাকে আটক করা হয় বলে জানা গিয়েছে। এরপর আন্দোলনের নেতৃত্ব দেন অজিঙ্কা শিন্ডে। দলের তরফে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। আটক নেতাদের সঙ্গে অবাধে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে সিজেপি।
এদিকে, বিক্ষোভের আগে দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও গণপরিবহণ পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ করা হয়। রবিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। ফলে একদিকে রাস্তায় আন্দোলন, অন্যদিকে শীর্ষ আদালতের শুনানি—দুই দিকেই নজর থাকবে।
