নিউজপোল ব্যুরো: ইডেন গার্ডেন্স মানেই এতদিন ক্রিকেটের উত্তেজনা, গ্যালারি জুড়ে উল্লাস আর ব্যাট-বলের লড়াই। কিন্তু শনিবার সেই পরিচিত ছবিতে এল বড় বদল। সবুজ মাঠে ছড়িয়ে পড়ল ঢাকের ছন্দ, শঙ্খের আওয়াজ আর দুর্গোৎসবের আবহ। রাজ্য সরকারের ‘উমা আগমনী’ অনুষ্ঠানে তিন হাজার ঢাকির সমবেত বাদ্যি ঘিরে তৈরি হল বিশেষ মুহূর্ত। আয়োজকদের দাবি, এই আয়োজনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে কলকাতা।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই ইডেনে জমতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকিদের সঙ্গে তাল মিলিয়ে নাচে অংশ নেন এক হাজারেরও বেশি শিল্পী। সন্ধ্যা গাঢ় হতেই ড্রোনের আলোর কারুকাজে আকাশে ফুটে ওঠে মহিষাসুরমর্দিনী দুর্গার প্রতিচ্ছবি। সঙ্গীত পরিবেশনায় ছিলেন কৌশিকী চক্রবর্তী ও শান। সব মিলিয়ে ক্রিকেটের মাঠ যেন হয়ে উঠেছিল উৎসবের এক বিশাল মঞ্চ।
এবারের পরিকল্পনার বিশেষত্ব শুধু ইডেনের আয়োজন নয়। প্রিন্সেপ ঘাট, ডালহৌসি, রেড রোড এবং কুমোরটুলি ঘাটকেও দুর্গোৎসবের সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন শহরেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন করে ১২ হাজার ৪০০টি দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হয়েছে। আবেদনকারী পুজো কমিটিগুলিকে রবিবার থেকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ঢাকের ছন্দে বিশ্বরেকর্ডের দাবি ঘিরে এদিন ইডেনেই শুরু হল দুর্গোৎসবের বর্ণময় আবহ।
