নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ বাড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। ভোটার তালিকায় যেন কোনও বৈধ নাগরিকের নাম বাদ না যায়, সেই লক্ষ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভারচুয়াল বৈঠকে নতুন কৌশল ঘোষণা করেছেন। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে চালু হতে চলেছে তৃণমূলের বিশেষ ‘SIR হেল্পডেস্ক’ অভিযান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম, যেখানে মোট ৬২০০ হেল্পডেস্ক রাজ্যজুড়ে কাজ করবে।
এই হেল্পডেস্কে সাধারণ মানুষ তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা, সংশোধন কিংবা অন্যান্য তথ্য নিয়ে সরাসরি সাহায্য পাবেন। প্রতিটি বুথ এলাকায় প্রশিক্ষিত কর্মী, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগসহ হেল্পডেস্কে উপস্থিত থাকবেন দলীয় প্রতিনিধিরা। পাশাপাশি, ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকবে। প্রতিদিনের কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের দপ্তরে।
অভিষেকের (Abhishek Banerjee) নির্দেশ অনুযায়ী, তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা (BLA) এবার কার্যত বুথ লেভেল অফিসারদের (BLO) ‘ছায়াসঙ্গী’ হিসেবে কাজ করবেন। সূত্রের খবর, অভিষেক স্পষ্ট নির্দেশ দিয়েছেন এক মুহূর্তের জন্যও যেন BLO-দের চোখের আড়াল না হন BLA-রা। কারণ, তার অভিযোগ অনুযায়ী, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিতে বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাব খাটাতে পারে। তাই BLO-দের পাশে থেকে কাজ করলে কোনও প্রকার অনিয়ম ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে তৃণমূল শিবির।
এই প্রকল্পের মাধ্যমে অভিষেক নিজেও নেমে পড়ছেন মাঠে, রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচি চালাবেন বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, ৯০ হাজারেরও বেশি বুথে তৃণমূলের সংগঠিত বাহিনী এবার একযোগে নামবে। উদ্দেশ্য একটাই, একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। তবে এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, “এই হেল্পডেস্কগুলো আসলে তৃণমূলের চাপ সৃষ্টি করার হাতিয়ার। BLO-দের ভয় দেখানোর জন্যই এই ক্যাম্প।” ফলে স্পষ্ট, ভোটার তালিকার সংশোধন ঘিরে প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক লড়াইও সমানতালে জোরদার হচ্ছে রাজ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
