নিউজ পোল ব্যুরোঃ দমদমে বিএলও(BLO)তৃনমূল কর্মী। এছাড়াও প্রায় ৫০-র বেশি বুথে অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বি এল ও করার প্রতিবাদে অভিযোগ বিজেপির।
দমদম বিধানসভার ২৭৬ টি বুথে প্রায় পঞ্চাশেরও বেশি অস্থায়ী রাজ্য সরকারি কর্মচারীকে BLO হিসেবে নিযুক্ত করার প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি দিল বিজেপি। বৃহস্পতিবার দমদম বিধানসভার ক্ষেত্রে সর্বদলীয় বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন বিজেপি প্রতিনিধিরা। এই নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। এই প্রেক্ষিতেই শুক্রবার কমিশনে অভিযোগ জমা দিলেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, দমদম বিধানসভার ২৬২ নম্বর বুথে যাকে বি এল ও হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি নন স্টিচিং স্টাফ, শুধু তাই নয় তিনি স্থানীয় ওয়ার্ডে যুব তৃণমূলের সভাপতি বলে অভিযোগ বিজেপি-র। তার নাম অমলেন্দু চক্রবর্তী। একেবারে ছবি দিয়ে সেই অভিযোগ জানান বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার এই অভিযোগ পেয়ে ইতিমধ্যেই কমিশন অমলেন্দু চক্রবর্তীকে বাদ দিয়ে দিয়েছে। বিজেপির অভিযোগ প্রায় ৫০ জনের মত BLO কর্মী তৃণমূল দলের পরিচিত মুখ। দলের কর্মী হওয়ার পাশাপাশি একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী সহ অস্থায়ী কর্মীদের BLO হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, BLOকে পার্মানেন্ট স্টাফ হতে হবে। ফলে এই BLO দের বদলি করতে হবে। এই মর্মে বিজেপির তরফ থেকে সমস্ত কিছু নথি পত্র সমেত প্রতিবাদ জানিয়ে তারা চিঠি দিয়ে এসেছেন। অনির্বাণ সমাজপতি, বিজেপির মণ্ডল সভাপতি এব্যাপারে জানান,”তালিকা সহ এবং ছবি সহ সবার নাম দিয়ে অভিযোগ জানিয়েছি। এর শেষ দেখে তবে ছাড়ব।” অর্থাৎ দমদম বিজেপি তালিকা সংশোধনের শুরু থেকেই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে ‘বিনা যুদ্ধে নাহি দিবে স্যূচগ্র মেদিনী’। তৃণমূলের কাছেও যে এবার বিজেপি একটা চ্যালেঞ্জ সেটা অনেকটাই পরিস্কার। দেখার বিষয়, কতটা বাস্তবায়িত হয় এই দ্বৈরথ। এই প্রসঙ্গে উল্লেখ্য, দমদম বিজেপির আরও দাবি, গতকাল বৈঠকে অমলেন্দু চক্রবর্তী বিরুদ্ধে তারা অভিযোগ জানালে তাকে BLO-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের তরফ থেকে তাদের জানানো হয়। বিজেপি দমদম এলাকার এক দল প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। কমিশন সূত্রে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল দলের তরফেও।
এই প্রসঙ্গে বলা যায়, রাজ্যের শাসকদলের অধীনে বহু বছর ধরেই দলের আনুগত্যের ভিত্তিতে নেওয়া বহু কর্মচারীই যে পক্ষপাতদুষ্ট সেই প্রমাণ বারবারই পাওয়া গিয়েছে। বাইরে থেকে কিছু পর্যবেক্ষক এনে সেই কর্মীদের বদলে ফেলা যাবে বলে ইতিহাস সাক্ষ্য দেয় না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গের বহু জেলা থেকেই BLO নিয়োগে তৃণমূল বা অন্যান্য দলের সমর্থকদের উপস্থিতি যে থাকবেই সে কথা বলাই বাহুল্য। বিভিন্ন জেলা থেকেই এই অভিযোগের খবর সংবাদ দফতরে আসছেও। তবুও দলের ঊর্ধ্বে উঠে যেন তাঁরা কাজ করেন , কমিশনের নজর থাকবে সেই দিকেই।
