নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। বিজেপির (BJP) অন্দরে আবারও ঘনাচ্ছে ঘূর্ণি। বঙ্গ বিজেপির মুখ, সংগঠনের প্রাণপুরুষ বলা যায় সেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি তবে ফিরছেন নিজের পুরনো ঠিকানায়? শনিবার মুরলীধর সেন লেনের পুরনো রাজ্য দফতরে আয়োজিত হচ্ছে তার বিজয়া সম্মিলনী। এই আয়োজন ঘিরেই জল্পনার পারদ চড়েছে রাজনৈতিক অঙ্গনে।
আরও পড়ুন: ECI : নির্বাচন কমিশনের নতুন ওয়েবসাইট চালু, ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট এখন অনলাইনে
যে অফিসে বসেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপিকে রাজ্যে ১৮ জন সাংসদ ও ৭৭ জন বিধায়কের আসনে পৌঁছে দিয়েছিলেন, সেই দফতরেই তিনি দীর্ঘদিন ছিলেন অবাঞ্ছিত। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রায় একঘরে হয়ে পড়েছিলেন দিলীপ (Dilip Ghosh)। পার্টি অফিসে তার ঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল। এমনকি কর্মীদের সঙ্গে কথা বলার জন্য নীচতলার হলঘরে বৈঠক করাতেও বাধা এসেছিল। কিন্তু সময়ের চাকা আবার ঘুরছে।
নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) আগমনের পর থেকেই বিজেপির রাজ্য সংগঠনে নয়া হাওয়া বইছে। সূত্রের খবর, নভেম্বরেই ঘোষণা হতে চলেছে রাজ্য বিজেপির নতুন কোর কমিটি। তার আগে দলের অভ্যন্তরে সম্পর্ক মেরামতির কাজ শুরু করেছেন শমীক নিজেই। আর সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে দিলীপ ঘোষের এই বিজয়া সম্মিলনী আয়োজনকে।
শনিবার দুপুর তিনটেয় মুরলীধর সেন লেনে হবে এই অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে— শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ সকলকেই। রাজনৈতিক মহলের ধারণা, এই বিজয়া সম্মিলনী আসলে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দলে ফের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসার প্রথম পদক্ষেপ।
বিজেপির ভেতরের বহু সূত্রই বলছে, আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে সংগঠনের মুখ হিসেবে পুনরায় কাজে লাগাতে চান শমীক। দীর্ঘদিনের ‘অপমান’ ভুলিয়ে তাকে ফেরানো হচ্ছে কৌশলগতভাবে। একদিকে দিলীপের মাঠপর্যায়ের জনপ্রিয়তা, অন্যদিকে দলের সাংগঠনিক শক্তি এই দুই মিলিয়ে রাজ্যে বিজেপিকে নবজীবন দিতে চায় নতুন নেতৃত্ব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শনিবারের এই বিজয়া সম্মিলনী শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের অবসানের প্রতীকও হতে পারে। মুরলীধর লেনের এই আয়োজন যদি দিলীপ ঘোষের পুনরুত্থানের ইঙ্গিত হয়, তবে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে উঠতে আর সময় লাগবে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
