‘বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা’, দিনহাটারর বাসিন্দাকে NRC নোটিশ দিতেই ফুঁসে উঠলেন মমতা

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: NRC নিয়ে আগেও সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার কোচবিহারের দিনহাটার রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ দেওয়া নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দাকে কিভাবে NRC নোটিশ দেওয়া হতে পারে তা নিয়েই তুলেছেন প্রশ্ন।

এদিন এক্স হ্যান্ডেল পোস্টে মমতা লেখেন, “আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে, কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল, এনআরসি নোটিশ জারি করেছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তাঁর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তাঁকে “বিদেশি/অবৈধ অনুপ্রবেশকারী” সন্দেহে হয়রানি করা হচ্ছে।” এর পরেই মোদী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্বপরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মত স্পষ্ট করে দিচ্ছে যে, গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি।”

NRC-এর বিরুদ্ধে সকল বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে, বাংলা চুপ করে থাকবে না।” তবে উত্তম কুমার NRC নোটিশ পাওয়ার পরেই জানিয়েছেন তিনি জন্ম থেকেই এই বাংলার বাসিন্দা। শুধু তিনি নন তাঁর বাবা-ঠাকুরদা সকলেই এ রাজ্যের মানুষ। তারপরেও কিভাবে এই নোটিশ এল তা বুঝেই উঠতে পারছেন না।