নিউজ পোল ব্যুরো: মর্মান্তিক! খোলা রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় (Train Rams Into School Van) প্রাণ গেল দুই পড়ুয়ার। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে ট্রেনটি স্কুল ভ্যানটিতেকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। ট্রেন চলাচলের সময় কিভাবে রেলগেট খোলা রইল তা নিয়েই উঠছে প্রশ্ন। সেই সঙ্গেই এলাকার মানুষ প্রশ্ন তুলছেন ট্রেন চলাচলের সময় যদি এইভাবে রেলগেট খোলা থাকে তাহলে যেকোনো সময়ে আরও বড় দুর্ঘটনা ঘটে যাবে।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তামিলনাডুর কুড্ডালোরের কাছে সেম্মাঙ্কুপ্পমে। দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় স্কুল ভ্যানটিতে পাঁচজন শিক্ষার্থী এবং একজন চালক ছিলেন। পুলিশ জানিয়েছে, একটি খোলা রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানটিতে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেন। রেলওয়ের এক বিবৃতি অনুসারে, স্কুল ভ্যানটি ইন্টারলকবিহীন লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল, ঠিক সেই সময় ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই যাত্রীবাহী ট্রেন নম্বর ৫৬৮১৩ এর সঙ্গে ধাক্কা লাগে। একজন ঊর্ধ্বতন পুলিশকর্তা নিশ্চিত করেছেন যে, “গ্রামের দুই শিশু মারা গিয়েছে এবং আরও দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ট্রেনটি আসার সময় গেট খোলা ছিল। লেভেল ক্রসিংয় বন্ধ না করার জন্য দায়ী রেলকর্মীরা সেই সময় উপস্থিত ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
রেলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এটি একটি মানুষ পরিচালিত ক্রসিং ছিল। দুর্ঘটনার (Train Rams Into School Van) পরেই স্থানীয়দের মধ্যে ব্যপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রেলক্রসিংয়ে, বিশেষ করে স্কুলগাড়িতে ব্যবহৃত যানবাহনে সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। কর্মরত ব্যক্তিদের অবহেলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কিনা তা নির্ধারণের জন্য তদন্ত শুরু হবে বলেই জানিয়েছে পুলিশ। রেলওয়ে বিভাগ এবং স্থানীয় পুলিশ দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি নিয়ে যৌথ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, যখন গেটকিপার ট্রেনের যান চলাচল বন্ধ করার জন্য গেট বন্ধ করার প্রক্রিয়া চালাচ্ছিলেন, তখন ভ্যান চালক রেললাইন পার হওয়ার চেষ্টা করাতেই মারাত্মক সংঘর্ষ ঘটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
