BJP National President: কবে ঘোষণা করা হবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম, জানা গেল সময়

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি এই জল্পনা এখনও জারি রয়েছে। বর্তমানে জেপি নাড্ডা দায়িত্ব সামলাচ্ছেন। সামনেই রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর বিজেপি নতুন জাতীয় সভাপতি নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ঘোষণার আগেই বিজেপি সভাপতি বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৯ সালে দলের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর জেপি নাড্ডা ২০২০ সালের জানুয়ারি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। সূত্রের তথ্য অনুসারে, দলের হাইকমান্ড শীর্ষ পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরি করেছে। ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পর পরামর্শ প্রক্রিয়া পুনরায় শুরু হবে। তার পরেই নতুন সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিজেপির সভাপতি চূড়ান্ত হওয়ার আগে, উত্তর প্রদেশ, গুজরাট এবং কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে নতুন রাজ্য সভাপতিদের নিয়োগ করা হতে পারে বলেও খবর। পর পর এই ঘটনাগুলি তাৎপর্যপূর্ণ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ থেকে বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য হিসাবে নির্বাচিত হবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট থেকে নির্বাচিত হবেন। এরপর উভয় নেতাই নতুন সভাপতির মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে কাজ করার যোগ্য হবেন।

আরও পড়ুন: Vice President Nomination: নকল সইয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন! ২২ সাংসদের নামে জালিয়াতি, বাতিল হল মনোনয়নপত্র

সূত্র আরও জানিয়েছে, দলীয় নেতৃত্ব চান না যে জাতি, আঞ্চলিক বা সামাজিক সমীকরণের ভিত্তিতে নির্বাচন করা হোক। পরিবর্তে, নতুন সভাপতি এমন একজন হবেন যিনি সংগঠনকে শক্তিশালী করার উপর মনোযোগ দিতে সক্ষম। বিজেপির শীর্ষ কর্তাদের কথায়, এই দায়িত্ব জাতীয় পর্যায়ে প্রমাণিত সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র নেতার হাতে যাবে। তবে, সূত্র আরও জানিয়েছে যে যদি বিহার নির্বাচন ঘোষণার আগে নির্বাচন না হয়, তাহলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এবং নির্বাচনের পরেই বেছে নেওয়া হবে সভাপতিকে। নাড্ডার পর কারে হাতে যাবে বিজেপি এই গুরুত্বপূর্ণ পদের ভার সেই দিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।