নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তান (India Pakistan) হাইভোল্টেজ ম্যাচের আগে রবিবার সকালে এক রাজনৈতিক চমক—নিউটাউনের ইকোপার্কে হঠাৎই ক্রিকেট খেলতে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। শরীরচর্চার নাম করে আসা হলেও, ঘটনাটি নিছক হাঁটা বা ব্যাটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এর মধ্যে স্পষ্ট এক রাজনৈতিক বার্তা রেখে গেলেন তিনি।
আরও পড়ুন: Traffic Rules : মহালয়া থেকেই শুরু পুজোর ট্রাফিক কড়াকড়ি, পণ্যবাহী গাড়ির প্রবেশে নিয়ন্ত্রণ কলকাতায়
যুবকদের সঙ্গে ব্যাট-বল হাতে মাঠে নেমে দিলীপবাবু (Dilip Ghosh ) বুঝিয়ে দিলেন, মাঠে নেমে কাজ করাই সত্যিকারের রাজনীতি। তিনি বলেন, “নেতা হওয়ার মানে শুধুই বক্তৃতা দেওয়া নয়, জনতার সঙ্গে মিশে কাজ করাই সবচেয়ে জরুরি। আজকের প্রজন্ম যদি শরীরচর্চা ও খেলাধুলার দিকে মন দেয়, তবেই আগামী দিনের দেশ গড়বে তারা।”

ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে হঠাৎ ক্রিকেট খেলায় নেমে স্থানীয় যুবদের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন এবং দলমত নির্বিশেষে সবাইকে উৎসাহ দেন সুস্থ জীবনযাপন ও খেলাধুলার প্রতি। এমন সময়, যখন বাংলার রাজনীতি চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই জনসংযোগমূলক কৌশলকে অনেকেই বিজেপির “গ্রাউন্ড লেভেল কানেক্ট”-এর অংশ হিসেবেই দেখছেন।
এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন, এটা একেবারে নতুন ধরনের রাজনৈতিক কৌশল—যেখানে রাজনীতি মাঠে নেমে খেলায় রূপ নেয়। কেউ আবার কটাক্ষ করে বলছেন, দিলীপবাবুর রাজনীতিতে এখন আর তেমন জায়গা নেই বলেই মাঠে ব্যাট হাতে নামতে হচ্ছে! তবে বিতর্ক যাই হোক, দিলীপ ঘোষের এই “ক্রিকেট কূটনীতি” নিঃসন্দেহে নজর কেড়েছে অনেকের। বিজেপির ভিতরে ও বাইরে উভয় মহলেই প্রশ্ন উঠেছে—রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার বার্তা কি দিলেন দিলীপ ঘোষ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
