Body Oil: প্রাকৃতিক তেলে মাসাজ: হাত-পায়ের রুক্ষতা দূর করে আনুন জেল্লা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: শুধু মুখ নয়, শরীরের প্রতিটি অঙ্গের ত্বকের যত্ন নেওয়াও সমান জরুরি। সাজগোজের জন্য ফেসিয়াল, ক্লিনজ়িং, টোনিং বা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করি ঠিকই, কিন্তু হাত-পা বা শরীরের বাকি অংশে ত্বকের রুক্ষতা ও জেল্লাহীনতা নজর কাড়ে না অনেকেরই। তবে উজ্জ্বল ও নরম ত্বকের জন্য আলাদা যত্ন প্রয়োজন। আর তা ঘরে বসেই সম্ভব। পুজো বা বিশেষ দিনে সুন্দর পোশাক পরতে গেলে চাই সুস্থ, মসৃণ ত্বক। এর জন্য ঘরোয়া উপায়ে বডি অয়েল (Body Oil) তৈরি করে নিলে সহজেই বাড়ানো যায় ত্বকের উজ্জ্বলতা।

আরও পড়ুন:Ranbir Kapoor: রণবীরের একাধিক প্রেম, ছেলেকে শুনে কী বলেছিলেন মা নীতু কপূর?

তেল দিয়ে সঠিক পদ্ধতিতে মাসাজ করলে শুধু ত্বকই নয়, পুরো শরীরও শিথিল হয়। রক্ত সঞ্চালন উন্নত হয়, ত্বকের কোষে অক্সিজেন পৌঁছতে সুবিধা হয়। এর ফলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকে। মাসাজ করলে কর্টিসল হরমোনের মাত্রাও কমে, যা স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে।

কীভাবে বানাবেন বডি অয়েল?

ত্বকের যত্নে নারকেল তেল, হোহোবা অয়েল, গ্রেপ সিড অয়েল, অলিভ অয়েল এবং কাঠবাদামের তেল খুবই উপকারী। এগুলির সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে বানানো যায় দুই ধরনের বডি অয়েল—

১. সাধারণ মাসাজ অয়েল
৬ চা-চামচ হোহোবা অয়েল
২ চা-চামচ গ্রেপ সিড অয়েল
২ চা-চামচ কাঠবাদামের তেল
৩-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল

২. ফুলের গন্ধযুক্ত অয়েল
১ কাপ হোহোবা অয়েল
আধ কাপ গ্রেপ সিড অয়েল
আধ কাপ কাঠবাদামের তেল
১০-১২ ফোঁটা অরেঞ্জ ও জেসমিন এসেনশিয়াল অয়েল

সব উপকরণ কাচের বোতলে মিশিয়ে রাখুন। স্নানের পরে তেল আলতো চাপে শরীরে মাসাজ করুন। পেশাদারদের কাছ থেকে মাসাজ নিলে উপকার বেশি হয়, তবে নিজেও সহজেই মাসাজ করতে পারেন। আধ থেকে এক ঘণ্টা তেল গায়ে বসিয়ে রেখে ঈষদুষ্ণ জলে স্নান করলে ত্বক আরও নরম ও মসৃণ হয়।

কেন মাসাজ জরুরি?

নিয়মিত মাসাজ শরীরকে শিথিল করে, রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকের কোষে পুষ্টি পৌঁছায় এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বকের শুষ্কতা দূর হয় ও প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।

প্রাকৃতিক তেল দিয়ে যত্ন নেওয়া ত্বকের জন্য নিরাপদ এবং দীর্ঘমেয়াদে উপকারী। তাই ব্যয়বহুল ক্রিম বা লোশন না কিনেও ঘরোয়া বডি অয়েল (Body Oil) দিয়ে আপনি পেতে পারেন উজ্জ্বল, স্বাস্থ্যবান ত্বক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole