নিউজ পোল ব্যুরো: ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সরিষা এলাকায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সফর ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। তাঁর কনভয় ঢুকতেই একদল মানুষ ঘিরে ধরে “গো-ব্যাক” স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও এই প্রতিবাদের পেছনে বিজেপির (BJP) কর্মীরা নন, তৃণমূলের নির্দেশেই এ ধরনের বিক্ষোভ হয়েছে এমনটাই অভিযোগ সুকান্তর। তিনি (Sukanta Majumdar) কটূক্তির সুরে বলেন, “এরা জানে, পুলিশের এদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা নেই। সময় আসলে বিজেপি গণতান্ত্রিকভাবে লড়াই করবে। কীভাবে জবাব দিতে হয়, আমরা খুব ভালই জানি। আমরা যখন জম্মু-কাশ্মীরকে শান্ত করেছি, তখন ডায়মন্ড হারবার কোনও ব্যাপার নয়।”
আরও পড়ুন: SSC Recruitment Case: অবশেষে আদালতের নির্দেশে প্রকাশ্যে অযোগ্যদের সম্পূর্ণ তালিকা
পুলিশের তরফে দাবি, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) আগমন সম্পর্কে আগে থেকেই অবগত ছিল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা সাজানোও ছিল। তা সত্ত্বেও যখন তাঁর গাড়ি সরিষার গ্রামে ঢোকে, তখন আচমকা এক দল মানুষ জমায়েত হয়ে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা নাকি বিজেপিরই কর্মী-সমর্থক এবং দলের বিরুদ্ধে ক্ষোভ থেকে এই স্লোগান তুলেছেন। তবে বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দেন, এরা তাঁদের দলের কেউ নন তৃণমূলের ইন্ধনেই সমগ্র ঘটনা ঘটানো হয়েছে।
এরই মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধও তুঙ্গে উঠেছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ব্যঙ্গ করে বলেন, “বিজেপির নিজস্ব সাংগঠনিক ভাঙনই এ ঘটনার কারণ। রাজ্য কমিটি পর্যন্ত গঠন হয়নি। সুকান্ত নিজেই কমিটি গঠনে বাধা দিচ্ছেন। অন্যদিকে শুভেন্দু নিজের মতো রাজনৈতিক পথ ধরে এগোচ্ছেন। ফলে বিজেপির বহু গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই পুরনো বিজেপি কর্মীরাই সুকান্তকে গো-ব্যাক স্লোগান দিচ্ছেন।”
তার মতে, বিজেপির ভেতরে বিভাজন এতটাই প্রকট যে দলীয় কর্মীরাই নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তিনি আরও কটাক্ষ করেন, “এখন মানুষ তো বিজেপিকে আর মানছে না, তার ওপর দলের কর্মীরাও নেতাদের বিরুদ্ধে স্লোগান তুলছেন। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কী হতে পারে!” এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দ্রুত নেমে পড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণের মধ্যেই। তবে রাজনৈতিক তরজার পরিমাণ কমেনি। বিজেপির দাবি, শাসকদল পরিকল্পিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর সফর ব্যাহত করতে চাইছে। তৃণমূলের বক্তব্য, বিজেপির অভ্যন্তরীণ ভাঙনই আসল কারণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
