নিউজপোল ব্যুরো: কলকাতার পুজো মানেই এত দিন টলিউডের চাঁদের হাট আর ‘সুরুচি সঙ্ঘ’-এর মণ্ডপে বিশ্বাস-ভাইদের রাজকীয় দাপট! কিন্তু সময় বদলাতেই সেই সুরুচির স্বাদ যে এমন তেতো হয়ে যাবে, তা বোধহয় খোদ অরূপ-স্বরূপও ভাবেননি। যে ক্লাবের পুজো এত দিন অরূপ বিশ্বাস আর তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে হতো, সেখান থেকেই তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। প্রধান উপদেষ্টার পদ থেকে প্রাক্তন মন্ত্রী অরূপ এবং সম্পাদকের চেয়ার থেকে ভাই স্বরূপ আউট! আর সেই শূন্য চেয়ারে রাজকীয় এন্ট্রি নিলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার।
ভোটের আগে মেসিকাণ্ড নিয়ে পুলিশি জেরায় জেরবার হয়ে অরূপ বাবু এখন মমতার হাত ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূলের নৌকায় চড়েছেন। আর ভাই স্বরূপ? টলিউডের ‘ফেডারেশন’ বাবু সেজে যিনি তোলাবাজি, হুমকি আর সিন্ডিকেট রাজ চালাতেন, তিনি এখন হাজতের ডাল-ভাত খাচ্ছেন। স্বরূপ বাবু জেলে যেতেই ক্ষুব্ধ পাবলিক সুরুচি ক্লাবে ঢুকে এমন ধোলাই দিল যে, ক্লাবের চেয়ার-টেবিল সব চূর্ণবিচূর্ণ! পুলিশ এসেও ক্লাবের ভেতর থেকে বস্তা বস্তা ‘নথি’ উদ্ধার করেছে।
টলিউডের নায়িকাদের নিয়ে এসে যারা পুজোয় ফিতে কাটতেন, আজ সেই বিশ্বাস-ভাইদের নিজেদেরই পুজো কমিটি থেকে কেটে ফেলা হলো। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পরেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আছড়ে পড়েছিল এই সুরুচি সঙ্ঘ ক্লাবের ওপর। ক্ষুব্ধ জনতা ক্লাবে ভাঙচুর চালায় এবং পরে পুলিশ এসে তল্লাশি চালিয়ে বহু নথিপত্র বাজেয়াপ্ত করে। টলিউডের নামী তারকাদের মেলা বসা এই নামী ক্লাবের এমন পরিণতিতে থমকে গিয়েছিল এলাকা। ঠিক এই রকম এক পরিস্থিতির মাঝেই এবার বিশ্বাস-ভাইদের হাত থেকে সুরুচি সঙ্ঘের রাশ কেড়ে নেওয়া হলো।
