চাকরিপ্রার্থীদের তাণ্ডব ও আদালত অবমাননার মামলায় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ে জরিমানা কুণালসহ ৮ জনের

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: কলকাতা হাইকোর্টে বড় ধাক্কার মুখে পড়লেন তৃণমূলের মুখপাত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আদালত অবমাননার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে ২,০০০ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আরও সাতজন চাকরিপ্রার্থীকেও দোষী বলে ঘোষণা করা হয়েছে এবং তাঁদের প্রত্যেককে ১,০০০ টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়।

ঘটনার সূত্র ২০২৫ সালের ২৫ এপ্রিল। উচ্চমাধ্যমিকের অতিরিক্ত শূন্যপদে ১,২৮০ জন চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছিল। সেদিন আদালত থেকে প্রত্যাশিত নির্দেশ না মেলায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়রদের ঘিরে রাখা হয়, বিচারপতির ছবি নিয়ে আপত্তিকর আচরণের অভিযোগও ওঠে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে এবং আটকে পড়া আইনজীবীদের উদ্ধার করে।

এই ঘটনার জেরেই আদালত অবমাননার মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানির পর আদালত জানায়, বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। আদালতের কাজ ব্যাহত হয় বা বিচারপ্রক্রিয়ার ওপর চাপ সৃষ্টি হয়, এমন কোনও কাজ গ্রহণযোগ্য নয়। সেই কারণেই কুণাল ঘোষসহ মোট আটজনকে দোষী সাব্যস্ত করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এখন নজর থাকবে, এই মামলায় ভবিষ্যতে নতুন কোনদিকে মোড় নেয়।