Railway Recruitment: চাকরির সুযোগ বাড়াল রেল! গত দশকে ৫ লক্ষ নিয়োগ, আরও ১ লক্ষ নিয়োগের প্রস্তুতি

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: এক দশকের মধ্যে রেল বিভাগে চাকরির পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। (Railway Recruitment)–এর পরিসংখ্যান বলছে, গত দশ বছরে রেলে নিয়োগ হয়েছে ৫ লক্ষেরও বেশি কর্মী। একই সঙ্গে আরও প্রায় এক লক্ষ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়াও চলছে। পরিষেবা নিয়মিত ও নিরবচ্ছিন্ন রাখতে রেল ভবিষ্যতেও লাগাতার নিয়োগ চালিয়ে যাবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন: SIR: পরিচয়পত্রের সংকটে যৌনকর্মীরা, সোনাগাছিতে নামছে কমিশনের বিশেষ শিবির

রেলের তথ্য অনুসারে, ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ সালের মধ্যে মোট ৪ লক্ষ ১১ হাজার কর্মী নিয়োগ হয়েছিল। কিন্তু তার পরবর্তী দশকে, অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮ হাজারে। রেলের দাবি, আধুনিকীকরণ, নতুন লাইন সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন ও যাত্রীসংখ্যা বৃদ্ধির ফলে কর্মীসংখ্যা বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।২০২৬ সালের মধ্যেই রেল আরও ১,২০,৫৭৯ জন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই নিয়োগ বিভিন্ন বিভাগে হবে—যেমন (Assistant Loco Pilot – ALP), (Technician), (Supervisor), (Clerk), (Junior Engineer – JE), (Healthcare & Allied / Paramedical), (Group D) ইত্যাদি পদে। ২০২৪ সালে প্রকাশিত (CEN Notification) অনুযায়ী দেশজুড়ে বিভিন্ন রেল ডিভিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন পড়েছে ১৮,৪০,৩৪৭ জনের। জুনিয়র ইঞ্জিনিয়ার বিভাগে আবেদন সংখ্যা ১১,০১,২৬৬। (Non Technical Popular Category – NTPC)–র গ্র্যাজুয়েট বিভাগে আবেদন জমা পড়েছে ৫৮,৪১,৭৭৪ জনের এবং আন্ডারগ্র্যাজুয়েট বিভাগে ৬৩,২৭,৪৭৩ জন আবেদন করেছেন। বিপুল আবেদনসংখ্যা রেলে চাকরির জনপ্রিয়তা ও স্থায়িত্ব দুই-ই প্রতিফলিত করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রেল বর্তমানে মোট ১৫টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়, যাতে দেশের বিভিন্ন ভাষাভাষী প্রার্থীরাই সুযোগ পান। পরীক্ষাগুলি দেশের প্রায় ৮৪ থেকে ১৫৬টি শহরে কম্পিউটার নির্ভর (Computer Based Test – CBT Exam) পদ্ধতিতে নেওয়া হয়। বর্তমানে ALP পদের পরীক্ষা শুরু হলেও জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, NTPC এবং গ্রুপ ডি বিভাগের আবেদন প্রক্রিয়া এখনো চলমান। রেলের মতে, ২০২৬ সালেই এই সমস্ত পদের সিবিটি পরীক্ষাগুলি পর্যায়ক্রমে শুরু হবে।