Saina Chatterjee : দশমের আগে প্রচার থেকে বিরতি, শুটিং আর পড়াশোনাতেই মন ‘কনে দেখা আলো’র সাইনার

পেজ 3 বিনোদন শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সামনেই দশম শ্রেণির পরীক্ষা। তাই আপাতত পড়াশোনা আর শুটিং—এই দু’টিকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র লাজবন্তী ওরফে সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। পরীক্ষার আগে কোনও রকম প্রচারমূলক কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। অভিনয় ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাইনার (Saina Chatterjee) মা সংযুক্তা চট্টোপাধ্যায় অনেক আগেই একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন—মেয়েকে ‘হোমস্কুলিং’-এর মাধ্যমে পড়াশোনা করানোর। সেই সিদ্ধান্ত নিয়েই এক সময় তাকে বিভিন্ন সমালোচনার মুখেও পড়তে হয়েছিল।

আরও পড়ুন :  GRIN2A : জিনেই লুকিয়ে মানসিক রোগের রহস্য! GRIN2A জিনের সন্ধান পেলেন জার্মান বিজ্ঞানীরা

সংযুক্তা জানালেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। কলকাতার দুটি ইন্টারন্যাশনাল বোর্ডের স্কুলে সাইনাকে ভর্তি করানো হয়েছিল। ভবিষ্যতে মনোবিজ্ঞান নিয়ে বিদেশে পড়াশোনা করার ইচ্ছা ছিল সাইনার, তাই কেমব্রিজ বা লন্ডন বোর্ডে পড়াশোনা করলে সুবিধা হবে—এই ভাবনাই প্রথমে কাজ করেছিল। একই সঙ্গে অভিনয়ের প্রতিও গভীর আগ্রহ ছিল তার। স্কুলে পড়ার সময়েই শুরু হয় অভিনয়জীবন। প্রথমে ভেবেছিলেন সপ্তাহে তিন দিন স্কুলে যাওয়া যাবে, বাকি দিন শুটিং। কিন্তু ধীরে ধীরে কাজের চাপ এতটাই বাড়ে যে প্রায় নিয়মিত স্কুল কামাই হতে থাকে।যদিও বিষয়টি আগেই স্কুল কর্তৃপক্ষকে জানানো ছিল, তবু প্রতিদিন অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে হতো। একসময় সেটাই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে শুটিংয়ের ব্যস্ততা মিলিয়ে সাইনার (Saina Chatterjee) উপর চাপ বাড়ছিল ক্রমশ। তখনই মুম্বইয়ের কয়েকজন বন্ধু ‘হোমস্কুলিং’-এর পরামর্শ দেন সংযুক্তাকে। বিষয়টি নিয়ে ভেবেচিন্তে তিনি সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সংযুক্তার মতে, হোমস্কুলিংয়ে খরচ কিছুটা বেশি হলেও পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় অনেক শান্ত পরিবেশে। পাশাপাশি অভিনয়ের মতো ‘এক্সট্রা কারিকুলার’ কাজও বিদেশে পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা যায়। তিনি আরও জানান, প্রথাগত স্কুলে অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে বডি শেমিং, তুলনার প্রবণতা ও বুলিংয়ের মতো সমস্যা দেখা যায়, যা শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলে। সেই জায়গা থেকে হোমস্কুলিং অনেকটাই সুরক্ষিত। তবে সাইনার (Saina Chatterjee) মনেও রয়েছে প্রথাগত বিদ্যালয়ের একটি আলাদা টান। তার কথায়, জীবনে অন্তত একবার স্কুলে পড়ার অভিজ্ঞতা হওয়া দরকার। বন্ধু, ক্লাসরুম, নিজের মতো একটা জগৎ—সবকিছুর স্বাদই আলাদা। আবার বাড়িতে পড়াশোনা করার ফলে অযথা তুলনা বা ছোটখাটো বিষয়ে নজরদারির চাপ থেকে মুক্ত থাকা যায় বলেও সে মনে করে। সংযুক্তার দৃঢ় বিশ্বাস, মেয়ের জন্য এই সিদ্ধান্ত সঠিক। ফলে সাইনা (Saina Chatterjee) আজ অভিনয়, পড়াশোনা এবং ব্যক্তিগত জীবন—সব দিকই উপভোগ করতে পারছে বাড়তি চাপ ছাড়াই।