Abhishek Banerjee: সোনালী খাতুনের সঙ্গে দেখা করবেন অভিষেক! খোঁজ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ আট মাসের প্রতিকূলতা এবং জটিল আইনি লড়াই শেষে অবশেষে দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali Bibi) ও তার নাবালক পুত্র। শুক্রবার সন্ধ্যায় মালদহ সীমান্ত পেরিয়ে তারা ভারতে পৌঁছন। শনিবারের মধ্যেই সোনালিদের বীরভূমের বাড়িতে ফেরার কথা। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিকট ভবিষ্যতেই তাঁদের সঙ্গে দেখা করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। যদিও বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি, কিন্তু খুব শিগগিরই এই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: Mamata Banerjee: ঐক্যই একমাত্র পথ! ‘ধ্বংসের খেলার বিরুদ্ধে লড়াই’-এর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ঘটনার সূত্রপাত জুলাই মাসে। দিল্লি পুলিশ সেদিন সোনালি বিবি-সহ ছ’জনকে গ্রেফতার করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করে। আশ্চর্যের বিষয়, তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের সব বৈধ নথি থাকা সত্ত্বেও এই অভিযোগ ওঠে। পরে ছ’জনকেই বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়। সোনালি ও তার ছেলের পাশাপাশি অন্যদেরও গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। সেই থেকেই তারা দেশের জেলে বন্দি ছিলেন দীর্ঘ কয়েক মাস।

এরপর শুরু হয় আইনি লড়াই। সোনালি বিবির পরিবারের পক্ষ থেকে কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করা হয়। দুই আদালতই সোনালিদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। অভিযোগ ওঠে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফে ফেরাতে বিলম্ব করা হচ্ছিল। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রথম দিন থেকেই সরব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একাধিকবার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সমাজমাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি মন্তব্য করেছিলেন যে, বাংলার মানুষ অপমান প্রত্যাশা করে না এবং ২০২৬ সালের নির্বাচনে মানুষ জবাব দেবে।

শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়েছে। দীর্ঘ অপেক্ষা ও মানসিক যন্ত্রণার পর দেশে ফিরেই সোনালি বিবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে তাদের যে দুর্দশা সহ্য করতে হয়েছে, তা স্মরণ করে সোনালি বলেন, “বাংলাদেশে অবস্থাটা অত্যন্ত কষ্টকর ছিল। অভিষেকদা ও মমতা দিদিকে ধন্যবাদ, তাদের জন্যই ফিরতে পারলাম। দিল্লি পুলিশের অমানবিক অত্যাচার আমাদের ভুলতে পারব না। অনেক অনুরোধ করেও আমাদের বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়া হয়েছিল।” তবে দেশে ফিরলেও মানসিক আঘাত এখনও স্পষ্ট। আগামী দিনে আদালত ও প্রশাসনের সহায়তায় সোনালিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা কতটা মসৃণ হবে, এখন সেদিকেই নজর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole