নিউজ পোল ব্যুরো: চীনে (China) হঠাৎ করেই বেড়ে গেল কন্ডোমসহ (Condom) সব ধরনের গর্ভনিরোধকের দাম। এতদিন যেসব পণ্য করমুক্ত ছিল, সেগুলোর ওপর এখন আরোপ করা হচ্ছে ১৩ শতাংশ ভ্যাট। ১৯৯৩ সাল থেকেই দেশটিতে জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে গর্ভনিরোধক সামগ্রীকে করের বাইরে রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারে বদলে গেছে। হঠাৎ এই কর-নীতির পরিবর্তনের মূল কারণ একটাই জন্মহার বাড়ানো।
আরও পড়ুন: GRIN2A : জিনেই লুকিয়ে মানসিক রোগের রহস্য! GRIN2A জিনের সন্ধান পেলেন জার্মান বিজ্ঞানীরা
চীনের (China) জনসংখ্যা ক্রমশ কমছে, আর সেই সুযোগে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশের তালিকায় ভারত এগিয়ে গেছে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, বর্তমান হারে জন্মহার কমতে থাকলে ২০৫০ সালের মধ্যে চীনের মোট জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১৩০ কোটিতে। তরুণ প্রজন্মের সংখ্যা দ্রুত কমে যাওয়ার ফলে কর্মক্ষেত্র, অর্থনীতি, এমনকি জাতীয় উৎপাদনশীলতাও চাপের মুখে পড়ছে। ফলে নতুন প্রজন্ম তৈরির জন্য সরকারের ওপর বেড়েছে চাপ।
এ অবস্থায় শিশু জন্মদানে উৎসাহ দিতে নানা ধরনের নীতি নেওয়া হয়েছে। শুধু বিবাহিত দম্পতি নয়, অবিবাহিত বা সঙ্গীহীন ব্যক্তিদেরও সন্তান নেওয়ার অনুমতি দিচ্ছে প্রশাসন। তারা চাইলে সরকারি নথিভুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সন্তান দত্তক নিতে পারেন। এত কিছু সত্ত্বেও জন্মহার বাড়েনি বলেই উদ্বেগ আরও বেড়েছে। তাই দম্পতিদের সন্তান নিতে উৎসাহ দিয়ে আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনাও করছে বেইজিং। গত জুলাইয়ে খবর এসেছিল, নির্দিষ্ট শর্তে নবজাতক থাকা পরিবারকে নগদ সহায়তা দেওয়া হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছিল। গর্ভনিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা বাড়াতে এবং এক-সন্তান নীতিকে কার্যকর করতে যে কারণে গর্ভনিরোধক সামগ্রী করমুক্ত করা হয়েছিল, বর্তমানে পাল্টে গেছে সেই নীতির লক্ষ্য। জনসংখ্যা বাড়ানোর তাগিদেই এবার ওই পণ্যে পুনরায় কর বসানো হলো।
তবে এই কর আরোপ এমন সময়ে কার্যকর হলো যখন চীনে (China) উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। পরিসংখ্যান বলছে, ২০০২ সালের তুলনায় ২০২১ সালে এইচআইভি/এইডসে আক্রান্তের হার প্রতি লক্ষে ০.৩৭ জন থেকে বেড়ে হয়েছে ৮.৪১ জন যা অত্যন্ত নাটকীয় বৃদ্ধি। জনসংখ্যা বাড়ানোর তাগিদে গর্ভনিরোধকে ভ্যাট বসানো হলেও, একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
