নিউজপোল ব্যুরো: বিগ বস বাংলার (Bigg Boss Bangla) অন্দরমহলে ফের উত্তেজনা তুঙ্গে। এবার তুমুল বাক্যুদ্ধে জড়ালেন রাজবীর দে ও নন্দিনী দত্ত। একে অপরের বিরুদ্ধে গেমে দুর্বল করার চেষ্টা, দ্বিচারিতা এবং ভণ্ডামির অভিযোগ তুললেন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’জনের মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি।
বাথরুম এরিয়ায় রাজবীরের সঙ্গে ঝামেলার সূত্রপাত। নন্দিনীর অভিযোগ, রাজবীর তাঁকে গেমে দুর্বল করার চেষ্টা করছেন। ক্ষুব্ধ নন্দিনী বলেন, “তুমি খুব সেলফিশ। এখান থেকে বের হও। গেট আউট।” তাঁর দাবি, রাজবীরের কথাবার্তা থেকে মনে হয়েছে, তিনি নন্দিনীর বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়াই চাইছেন।
অন্যদিকে, পাল্টা আক্রমণে রাজবীরও নন্দিনীকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নন্দিনী একদিকে সৃজলার নামে কথা বলেন, অন্যদিকে তাঁর সঙ্গেই গল্প করেন। ভরত কলের রুটি নিয়েও নন্দিনী তাঁর কানে নালিশ করেছেন বলে দাবি রাজবীরের। নন্দিনী অবশ্য রাজবীরের আচরণকে ‘ফেক’ বলে আক্রমণ করেন।
ঝগড়ার মাঝেই উঠে আসে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট নন্দিনী’ ট্রেন্ডের প্রসঙ্গ। যদিও রাজবীর জানান, তিনি ভয় পাননি, বরং কিছুটা ধন্দে ছিলেন।
তবে নাটকীয় মোড়ে রবিবারের পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে দু’জনকে ফের স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়। এখন দেখার, এই মিটমাট কতদিন স্থায়ী হয়।
