নিউজ পোল ব্যুরো: সোনাগাছিতে সম্প্রতি বেড়ে উঠেছে ভয় ও উদ্বেগ। কারণ, এসআইআর (SIR Process) চালু হওয়ার পর থেকে এখানকার যৌনকর্মীদের বড় সমস্যায় ফেলেছে পূর্বপুরুষের পরিচয়পত্র বা EPIC Number, জন্মসনদ কিংবা পারিবারিক নথিপত্র সংগ্রহের প্রশ্ন। জীবিকার তাগিদে বাড়িঘর ছেড়ে আসা মহিলাদের পক্ষে এসব নথি সংগ্রহ করা কার্যত অসম্ভব। এই পরিস্থিতির কথাই জানিয়ে যৌনকর্মীদের অধিকার রক্ষায় বহুদিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা (Durbar), নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায়। অভিযোগ, অনেকের নাম ভোটার তালিকায় নেই, আবার কারও কারও নাম ভুলভাবে নথিভুক্ত হয়েছে।
আরও পড়ুন:Weather Update : শীতের দাপট রাজ্যে, কুয়াশা আর পারদ পতনে হু হু করছে মানুষ
দুর্বারের তরফে করা এই আবেদনপত্রের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর সোনাগাছিতে যৌনকর্মীদের নাগরিক অধিকার সুরক্ষার লক্ষ্যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। সংস্থার সভাপতি বিশাখা লস্কর জানান, শুক্রবার তাঁদের DEO এবং ERO -র সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কলকাতা পুরসভার ১৮ ও ২৬ নম্বর ওয়ার্ডে মোট তিনটি বিশেষ ক্যাম্প*
গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট ক্যাম্পে কমিশনের আধিকারিকরা যৌনকর্মীদের এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ হয়েছে কি না, কারও নাম বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখবেন। বিশাখা দেবীর কথায়, “২০০২ সালে দুর্বারের উদ্যোগে এখানকার বহু যৌনকর্মী প্রথমবার ভোটাধিকার পান। কিন্তু এখনও এমন অনেক মহিলা আছেন যাদের নাম ভোটার তালিকায় নেই। যারা ঘর ছেড়ে বছরের পর বছর ধরে এখানে বসবাস করছেন, তাদের পক্ষে বাবা-মায়ের নথি সংগ্রহ করা অসম্ভব। তাই আমাদের দাবি, SIR-এর আওতায় সকল যৌনকর্মীর নাম ভোটার তালিকায় তোলা হোক এবং তাদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হোক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তিনি আরও স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্ট জাজমেন্ট 2022-এ যৌনকর্মীদের প্রতি বৈষম্যহীনভাবে নাগরিক অধিকার দেওয়ার নির্দেশ ছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, তাদের পেশা জনসমক্ষে না এনে, দফতরের নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। ডিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতার ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন প্রান্তে তিনটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। কমিশনের আধিকারিকরা ব্যক্তিগতভাবে যৌনকর্মীদের সমস্যা শুনবেন এবং প্রয়োজনীয় সহায়তা করবেন।
