‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়ব না’, ১০ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ CJP

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড়সড় প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। ভোট ও ভোটার তালিকা সংক্রান্ত একাধিক দাবি নিয়ে রাজধানীতে জমায়েতের ডাক দিয়েছে সংগঠন। তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবসমাজ এই কর্মসূচিতে যোগ দেবেন। ইতিমধ্যেই কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

CJP-র প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে তিনি নিজে কর্মসূচি সংক্রান্ত চিঠি জমা দিয়েছেন। তাঁর দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে CJP-র পাশাপাশি দেশের তরুণরাও সমবেত হবেন।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে সৌরভ বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও তাঁরা আন্দোলন থেকে পিছু হটবেন না। নির্বাচন কমিশনে কাঠামোগত সংস্কার, SIR প্রক্রিয়া স্থগিত করা এবং সেই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলির তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁকে গ্রেফতারের দাবিও তুলেছেন সৌরভ।

তাঁর বক্তব্য, ‘ভোট চুরি’, ‘নির্বাচন হাইজ্যাকিং’ এবং Gen Z-কে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো বিষয় নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ রয়েছে। সৌরভের দাবি, এটি শুধু CJP-র আন্দোলন নয়, যুবসমাজের প্রতিবাদ। ১০ অক্টোবরের কর্মসূচিকে সামনে রেখে ‘চলো দিল্লি’ স্লোগান দিয়ে দেশের তরুণদের রাজধানীতে আসার আহ্বান জানিয়েছেন তিনি।