নিউজপোল ব্যুরো: ভোটচুরির অভিযোগে বিক্ষোভের কয়েক দিনের মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৈতৃক বাড়িতে ‘শুদ্ধিকরণ’ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের বিজয়নগর এলাকায় তাঁর বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে বিশেষ প্রার্থনা এবং সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান ঘিরে ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
জানা গিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর জ্ঞানেশ কুমারের পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। SIR-এ অনিয়ম এবং ভোটচুরির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস কর্মীরা। বিক্ষোভের পর বাড়ির মূল ফটকে ‘জ্ঞানেশ গদ্দার’ এবং ‘চোর’-এর মতো শব্দ লেখা দেখা যায় বলে দাবি পরিবারের। সেই ঘটনার পরই বাড়িটি ‘শুদ্ধ’ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এরপর বাড়ি থেকে বের করা হয় ‘কলস যাত্রা’। মন্দির থেকে গঙ্গাজল এনে বাড়িতে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়। সমবেত কণ্ঠে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠও করা হয়। জ্ঞানেশ কুমারের মা সত্যবতী গুপ্তের দাবি, বিক্ষোভকারীদের আন্দোলনের সময় বাড়ির পরিবেশ ‘নোংরা’ করে দেওয়া হয়েছিল এবং ফটকে আপত্তিকর শব্দ লেখা হয়েছিল। সেই কারণেই গঙ্গাজল দিয়ে বাড়ি শুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদমাধ্যমের সামনে সত্যবতী জানান, মন্দির থেকে গঙ্গাজল আনার পর সুন্দরকাণ্ড পাঠ শেষ করে বাড়িতে শুদ্ধিকরণ করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে কংগ্রেসও পাল্টা কটাক্ষ করেছে। আগরার কংগ্রেস সভাপতি অমিত সিংহের বক্তব্য, বাড়ি শুদ্ধ করার বদলে জ্ঞানেশ কুমারের ‘সুবুদ্ধির’ জন্য যজ্ঞ করা যেতে পারত। তাঁর দাবি, এমন যজ্ঞ হলে কংগ্রেসও তাতে যোগ দিত। ভোট সংক্রান্ত অভিযোগ, বিক্ষোভ এবং তার পরেই পৈতৃক বাড়িতে এই ‘শুদ্ধিকরণ’—পরপর ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
