নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর যানজট ও ভিড়ের কথা মাথায় রেখে বড়সড় প্রস্তুতি পূর্ব রেলের। পুজোর দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এ বার স্পেশাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।
২১ অক্টোবর মোট ৫১টি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে পূর্ব রেল। গত বছর এই সংখ্যা ছিল ৩১টি। এর মধ্যে মেন, নর্থ ও সাউথ সেকশনে ৩৮টি ওভারনাইট স্পেশাল EMU পরিষেবা থাকবে। সন্ধ্যার সময়ে চলবে আরও ১৩টি স্পেশাল ট্রেন।
পুজোর আগে ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ–লালগোলা সেকশনে চারটি প্রি-পুজো স্পেশাল EMU চালানো হবে। পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর শহরতলির সমস্ত MEMU ও EMU ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। অর্থাৎ ওই সময়ে কোনও গ্যালোপিং ট্রেন থাকবে না।
ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও বেরনোর জন্য বিভিন্ন গেটে নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টার বিশেষ ওয়ার রুম, CCTV নজরদারি, স্ট্যান্ডবাই ট্রেন রেক, রিজার্ভ লোকো ক্রু, মেডিক্যাল বুথ ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে।DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন, পুজোর সময়ে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই পূর্ব রেলের প্রধান অগ্রাধিকার।
