IMA Asansol : আইএমএ-র অভিনব পদক্ষেপ ‘আও গাঁও চলে’

জেলা স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিন পশ্চিম বর্ধমানের আসানসোল(Asansol) থেকে এক অভিনব উদ্যোগের সূচনা করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(IMA) আসানসোল(Asansol) শাখা। উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘আও গাঁও চলে’, যার লক্ষ্য শহরের বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়া।

শুক্রবার, হিরাপুরের বরখোল গ্রামে প্রথম শিবির বসানো হয়। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, যাঁরা শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। শুধু তাই নয়, রোগীদের হাতে বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:Vande Bharat Express: উৎসবের আগে সুখবর! চালু বন্দে ভারত

আইএমএ(IMA) আসানসোল(Asansol) শাখার সভাপতি চিকিৎসক রুহুল আমিন জানিয়েছেন, গ্রামীণ এলাকায় অধিকাংশ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না। উপস্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে নেই বিশেষজ্ঞ ডাক্তার। ফলে অনেকে হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হন, যা রোগ নিরাময়ের পরিবর্তে আরও সমস্যা বাড়িয়ে দেয়। এই প্রেক্ষিতে আইএমএ(IMA)-র উদ্যোগ শুধু চিকিৎসা নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে শক্তিশালী করারও সহায়ক হবে।

বরখোলের বাসিন্দা চন্দনা বাউড়ি বলেন, “আমাদের গ্রাম থেকে জেলা হাসপাতাল সাত কিলোমিটার দূরে। অসুখ হলে ওষুধের দোকান থেকে নিজেরাই ওষুধ কিনে খাই, কিন্তু তাতে সবসময় কাজ হয় না। তখন বাধ্য হয়ে টাকা খরচ করে হাসপাতালে যেতে হয়। এই ধরনের শিবির হলে বিশেষজ্ঞ ডাক্তার পাবো, আবার ওষুধও বিনামূল্যে মিলবে। এটা আমাদের জন্য আশীর্বাদ।”

শিবিরে স্থানীয়দের বিপুল সাড়া দেখে আয়োজকরা আশাবাদী। তাঁদের দাবি, ধারাবাহিকভাবে এই উদ্যোগ চালু থাকলে বহু মানুষ সুফল পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসা ও সঠিক ওষুধ গ্রামের মানুষের হাতে পৌঁছনোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

সচেতনতা তৈরি থেকে চিকিৎসা পরিষেবা সব মিলিয়ে ‘আও গাঁও চলে’ উদ্যোগটি ভবিষ্যতে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole