নিউজ পোল ব্যুরো: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ডার্বিতে জয়লাভ করল ইস্টবেঙ্গল (East Bengal)। পালতোলা নৌকার দাপট থামিয়ে জ্বলল মশাল। ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের (Mohun Bagan) হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল। খেলার প্রথমার্ধে থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিকে শনিবার প্রাক ডার্বির সন্ধ্যায় মোহনবাগান (Mohun Bagan) সচিব সৃঞ্জয় বসু বলেছিলেন “চিরকাল মোহনবাগানের ভালো দিন চলতেই থাকবে আর ইস্টবেঙ্গলের খারাপ, এমনটা হয় নয়।” আর রবিবার সত্যিই এমনটা হল।
আরও পড়ুন:Asia Cup 2025: ১০ সেকেন্ডের জন্য ১৬ লক্ষ টাকা, ভারত বনাম পাক ম্যাচে বিজ্ঞাপনের হার
রবিবাসরীয় যুবভারতীতে প্রথম মিনিট থেকেই দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধে মোহনবাগানের রক্ষণ এবং মাঝমাঠের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। নতুন ইস্টবেঙ্গলকে দেখা গেল আজ যুবভারতীতে। কথা রাখলেন লাল-হলুদ হেড কোচ অস্কার। মাত্র দুই সপ্তাহেরও কম অনুশীলনে ম্যাচ ফিট নন মোহনবাগান (Mohun Bagan) ফুটবলাররা। রাইট উইংয়ে চোট পাওয়া মনবীর সিংয়ের অভাব চোখে পড়ল। তরুণ পাসাং দরজি তামাং বড় ম্যাচে নজর কাড়তে ব্যর্থ। দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। গত মরশুমে খারাপ ফর্মে থাকা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ডার্বিতে জ্বলে উঠলেন। ডার্বিতে জোড়া গোল করে নায়ক তিনিই। দ্বিতীয়ার্ধে বাগান কোচ মোলিনা দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসকে নামিয়ে খেলা ঘোরানোর চেষ্টা করেছিলেন সবুজ-মেরুন হেডস্যার জোসে মোলিনা। তবে মোলিনার সেই চেষ্টা বৃথা হয়। ২-০ তে পিছিয়ে পড়ে হারের মুখ থেকে আর বেঁচে ফিরতে পারেনি মোহনবাগান।ডার্বি মানেই আবেগ, উত্তেজনা। ডার্বি মানে বেপরোয়া, সবকিছু ভুলে প্রিয় দলকে সমর্থন করতে আসার তাগিদ। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। ডার্বির আগে যুবভারতীর চিত্র দেখে মুগ্ধ হবে ফুটবল না দেখা কোনও মানুষও। যুবভারতীর ভিআইপি গেটের বাইরে চোখে পড়ল এক টুকরো দৃশ্য।
দমদমের প্রসেনজিৎ চক্রবর্তী মোহনবাগানের অন্ধ সমর্থক। পেশায় চাকুরীজীবী। এক সপ্তাহ আগেই বাবাকে হারিয়েছেন, একমাস আগে মাকেও হারিয়েছেন। ৪৯ বছর বয়সী এই মোহনবাগান সমর্থক বাবার পারলৌকিক ক্রিয়ার আগেই চলে এসেছেন ডার্বি দেখতে। ম্যাচ শুরুর আগে বললেন, দুই গোলে জিততে চান। এক গোল বাবা ও আরেক গোল মাকে উৎসর্গ করতে চান তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
