নিউজপোল ব্যুরো: ভোটার তালিকায় নতুন নাম তোলা এবং পুরনো তথ্য সংশোধনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ করা হবে। ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলবে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। এই প্রক্রিয়ায় যাঁরা নতুন ভোটার হতে চান, তাঁরা নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, ভোটার তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে ভুল থাকলে তা সংশোধনের সুযোগও থাকবে।
কমিশনের দেওয়া সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ নভেম্বরের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১২ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় কোনও ভুল থাকলে বা নাম সংযোজনের প্রয়োজন হলে ১১ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। জমা পড়া আবেদন ও অভিযোগগুলি ২৮ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ২০২৭ সালের ৪ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এ ছাড়াও, ২০২৭ সালের ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবরকে যোগ্যতার তারিখ ধরে আগাম আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য পরে আলাদা সময়সূচি ঘোষণা করবে কমিশন।
