নিউজপোল ব্যুরো: বছরের পর বছর গ্রামে দুর্গাপুজোর আয়োজন হয়নি। উৎসবের দিনগুলিতে মা দুর্গার দর্শন পেতে ছুটে যেতে হতো পার্শ্ববর্তী গ্রামের মণ্ডপে। তবে এবার ছবিটা বদলাতে চলেছে। সরকারি আর্থিক অনুদানকে হাতিয়ার করে প্রথমবার নিজেদের গ্রামেই দুর্গাপুজোর আয়োজন করতে চলেছেন বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ভগবতীপুর গ্রামের বাসিন্দারা।
ভগবতীপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা মাত্র ৬২। জনসংখ্যা কম হওয়ায় পুজোর আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও জনবলের অভাব ছিল দীর্ঘদিনের সমস্যা। ফলে ইচ্ছা থাকলেও নিজেদের গ্রামে দুর্গাপুজোর আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। প্রতি বছরই অন্য গ্রামের পুজো মণ্ডপে গিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিতে হতো বাসিন্দাদের। নিজেদের গ্রামে মা দুর্গার আরাধনার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল তাঁদের কাছে।
তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা। ২০২৬ সালে ছোট ও প্রত্যন্ত এলাকার পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই অনুদানের আওতায় এসেছে ভগবতীপুরের মতো ছোট গ্রামও।
সরকারি আর্থিক সহায়তা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি গ্রামের বাসিন্দারা। অনুদানের অর্থকে সম্বল করেই শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। এতদিন যে গ্রামে দুর্গাপুজো ছিল অধরা, সেখানেই এবার উৎসবের আবহ তৈরি হচ্ছে। ৬২ জন বাসিন্দার কাছে এবারের দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নপূরণের আনন্দও।
