Weather Report Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

নিউজপোল ব্যুরো: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিলেও বাংলায় এখনই পুরোপুরি বৃষ্টির বিরতি হচ্ছে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি, রাজ্যের নিম্নস্তরের বায়ুমণ্ডল থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার জেরেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে।

তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস। উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর সেখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।