নিউজপোল ব্যুরো: রাজস্থানের দৌসা জেলায় ১৬ বছরের এক নাবালিকার অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার দাবি, রাতে একটি গাড়িতে করে তিন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। এরপর দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাছে তার উপর নির্যাতন চালানো হয়। কিশোরীর বয়ান অনুযায়ী, সেই সময়ই তার সন্তান প্রসব হয়। পরে নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ, ঘটনার পর কিশোরীকে দৌসার কালেক্টরেট সার্কেলে ফেলে রেখে যায় অভিযুক্তরা। সেখানে এক ব্যক্তির কাছে সাহায্য চাইলে তিনি তাকে দৌসা জেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কোলওয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোহর লাল-সহ পুলিশের একাধিক আধিকারিক। তাঁরা কিশোরীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার বক্তব্য সংগ্রহ করেন।
তদন্তে কিশোরীর আগের গর্ভধারণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, ফেব্রুয়ারি ও মে মাসে এক ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে এই দাবি-সহ ঘটনার বিভিন্ন দিক এখনও যাচাই করা বাকি।
তিন ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে।
